টাঙ্গাইল প্রতিনিধি: কেউ যাচ্ছিলেন বাড়িতে। আবার কেউ কর্মস্থলে। হঠাৎ করেই তাদের বহনকারী যাত্রীবাহী বাসটি বিকল হয়ে যায়। এ কারণে অনেকেই বাস থেকে নেমে সড়কের পাশে দাঁড়িয়ে থাকেন। চলছিল বাসটি মেরামতের কাজ। অপেক্ষার প্রহর তখন প্রায় শেষ পর্যায়ে। ওই সময় চোখের পলকে একটি ট্রাক এসে তাদের ওপর দিয়ে চলে যায়। দাঁড়িয়ে থাকা চার জন সঙ্গে সঙ্গে প্রাণ হারান। আর হাসপাতালে নেওয়ার পর আরও দুই জনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন আরও পাঁচ জন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুর উপজেলার কুরণী এলাকায়।
নিহতের মধ্যে পাঁচ জন পুরুষ ও একজন নারী। এদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ধল্লাকান্দি গ্রামের জয়নাল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩৪) ও একই গ্রামের পংজ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৩১)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে একটি যাত্রীবাহী বাস সড়কে বিকল হয়ে যায়। এ কারণে বাসটি মহাসড়রের পাশে দাঁড় করিয়ে মেরামতের কাজ চলছিল। এ সময় যাত্রীরা বাস থেকে নেমে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করেই একটি ট্রাক এসে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর উঠে যায়। বাসটিকেও ধাক্কা দেয় ওই ট্রাক। ঘটনাস্থলেই চার জন মারা যান। এ সময় ট্রাকের চালক ও হেলপার দ্রুত পালিয়ে যায়।
মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, ‘ঢাকাগামী রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মির্জাপুর উপজেলার কুরণী এলাকায় বিকল হয়ে যায়। পরে মেরামতের জন্য বাসটি রাস্তার পাশে দাঁড় করানো হয়। কয়েকজন যাত্রী বাস থেকে নেমে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী সবজিভর্তি একটি ট্রাক দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর দিয়ে উঠিয়ে দেয়। এ সময় বাসের পেছনেও ধাক্কা লাগে। এ ঘটনায় দাঁড়িয়ে থাকা চার জন ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুই জনের মৃত্যু হয়। বর্তমানে আহত আরও পাঁচ জন মুমূর্ষু অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ পর্যন্ত নিহত দুই জনের নাম-পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে।
মির্জাপুর কুমুদিনী হাসপাতালের এজিএম অনিমেশ ভৌমিক জানান, ‘এখন পাঁচ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।’


Reporter Name 




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































