নিজম্ব প্রতিবেদক : চলমান করোনা মহামারিতে মাঠপর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নতুন ৭১টি অ্যাম্বুলেন্স কিনেছে সরকার। প্রতিটি ৪২ লাখ টাকা করে প্রগতির কাছ থেকে কেনা এই অ্যাম্বুলেন্স এরই মধ্যে চলে এসেছে কেন্দ্রীয় ওষধাগার- সিএমএসডিতে। শিগগিরই বিতরণ করা হবে উপজেলা পর্যায়ে।
এই করোনাকালে হাসপাতালগুলোতে কেবল শয্যা, অক্সিজেন কিংবা আইসিইউ নিয়েই সঙ্কট তা নয়। রোগী পরিবহনে অ্যাম্বুলেন্স সংকটও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে স্বাস্থ্যখাতের বাস্তবতা।রাজধানী কিংবা জেলা শহরে কোনোভাবে একটি অ্যাম্বুলেন্স জোগাড় হলেও উপজেলা পর্যায়ে বা প্রত্যন্ত অঞ্চলে এ করোনাকালে একটি অ্যাম্বুলেন্স মানে সোনার হরিণ।অনেকে জানান, সরকারি হাসপাতালে গাড়ি চাইলে বলে- এটা নষ্ট, ওটা নষ্ট। আবার পেলেও বেশি ভাড়া দিতে হয়। উপজেলা পর্যায়ে যতগুলো অ্যাম্বুলেন্স থাকার দরকার ছিল তা নেই। অবশেষে কিছুটা হলেও মিলেছে স্বস্তির খবর। রাজধানীর সাতরাস্তায় কেন্দ্রীয় ওষধাগার সিএমএসডিতে এসে গেছে ৭১টি নতুন গাড়ি। প্রয়োজনীয় কাগজপত্র তৈরি হলেই বুঝিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট দপ্তরে।
সিএমএসডির উপ পরিচালক ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, সরকারি প্রতিষ্ঠান থেকেই গাড়িগুলো কেনা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, মূলত উপজেলা পর্যায়ে বিতরণ করা হবে এসব অ্যাম্বুলেন্স। এতে চলমান সংকট কিছুটা হলেও লাঘব হবে।স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, এই অ্যাম্বুলেন্সগুলো রোগী পরিবহনে সহায়ক হবে। বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করতেও সহায়তা করবে। অর্থাৎ রোগীর স্বার্থে রোগীর প্রয়োজনে এটি ব্যবহার হবে। এরই ধারবাহিকতায় আরও কিছু অ্যাম্বুলেন্স ক্রয় প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে অধিদপ্তর।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































