নিজস্ব প্রতিনিধি : নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।
জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার (৭ আগস্ট) দুপুরে নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন বরিশালের আলোচনা সভা ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। এ সময় মেয়র আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধী পক্ষ দেশের অগ্রযাত্রা ব্যহত করার চেষ্টা করেছিলো। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শক্ত হাতে দেশের নেতৃত্ব দেয়ায় উন্নয়নে অগ্রগতি হয়েছে এবং বিশ্বে মাথা তুলে দাঁড়িয়েছে বাংলাদেশ। কোনো পক্ষ যাতে জনগণকে বিভ্রান্ত করতে না পারে সে জন্য জনগণকে সতর্ক ও সচেতন করতে এবং বঙ্গবন্ধুর স্বপ্ন আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, গোপাল সরকার, হুমায়ুন কবির, সংগঠনের সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগ, সহসভাপতি রাহাত খান, যুগ্ম সম্পাদক কাওছার হোসেন রানা, কোষাধ্যক্ষ শাহিন হাফিজ , সদস্য অপূর্ব অপু সহ অন্যান্যরা।সভার শেষ পর্যায়ে ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। নগরীর চকবাজার জামে মসজিদের খতিব মাওলানা নুরুর রহমান বেগ দোয়া-মোনাজাত পরিচালনা করেন।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































