নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে রামকৃষ্ণ সাহা (২২) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রামকৃষ্ণ সাহা উপজেলার কলাকোপা ইউনিয়নের সমসাবাদ গ্রামের নারায়ন সাহার ছেলে। সে সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজের বিএ ৩য় বর্ষের ছাত্র ছিল।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, টিনের বসত ঘরের চালার সাথে রান্না ঘরের বিদ্যুৎ লাইনের তারের ছিদ্র তৈরি হয়ে পুরো বসত ঘর বিদ্যুতায়িত ছিল। মঙ্গলবার সন্ধ্যায় রামকৃষ্ণ হাত মুখ ধুয়ে বারান্দার জিআই তারে ভিজে গামছা ছড়িয়ে দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারে লোকজনের চিৎকারে স্থানীয়রা এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাশেদুল ইসলাম জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।


Reporter Name 


















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































