নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার পৌরসভার দক্ষিণ জয়পাড়া খাড়াকান্দা এলাকা থেকে বিপুল পরিমাণ চায়না জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘদিন যাবৎ এই চায়না জাল তৈরি করে আসছিল এই কারখানাটি। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ন’টায় এই অভিযান পরিচালনা করেন দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমান। এসময় কারখানা থেকে বিপুল পরিমাণ চায়না জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত মোট জালের সংখ্যা ৫৩৫টি (দুই ট্রাক) যাহার বর্তমান বাজার মূল্য আনুমানিক ২৪ লক্ষ সাত হাজার পাঁচশত টাকা।
এবিষয়ে দোহার উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি উপজেলার খাড়াকান্দায় চায়না জালের গাড়ি লোড করা হচ্ছে। তখনই আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। আমরা সেখানে কোনো মালিকপক্ষ পাইনি। এসময় এক ট্রাকের হেল্পার ইমরান ও কারখানার শ্রমিক মোক্তার হোসেন নামে দুই জনকে আটক করি। পরে তাদেরকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ধারা-৫ এর ২ উপধারার খ এ পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেই। তিনি আরও বলেন, যাহারা এই চায়না জালের সাথে জড়িত আছে আমি তাদেরকে বলতে চাই, তারা যেনো এ ধরনের কাজ থেকে বিরত থাকে, না হলে তাদেরকে আইন অনুযায়ী সাজা পেতে হবে।
পরদিন সোমবার দুপুরে উপজেলার মৈনটঘাট (মিনি কক্সবাজার) এলাকায় জব্দকৃত চায়না জাল জনসম্মুখে পুড়ে ধ্বংস করা হয়। এ অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য সম্পাসারণ কর্মকর্তা পলি রানি দাস, মাহমুদপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন, দোহার থানার এসআই সাদিক, পুলিশ ফোর্সসহ আনসার সদস্যগণ।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































