নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২২ আগস্ট) সকালে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের নেতৃত্বে দ্রব্যমূল্য ও জ্বালানী তেলের দাম বৃদ্ধিসহ ভোলা জেলার ছাত্রদলের সভাপতি নুর-আলম এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের হত্যার প্রতিবাদে দোহার উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল করেন।
সোমবার সকাল থেকে উপজেলার করম আলীর মোড়ে বিএনপির নেতৃবৃন্দরা জড়ো হয়ে সকাল সাড়ে ১০টার সময় মিছিলটি বের হয়ে ওয়ান ব্যাংক মোড়ে এসে পৌঁছালে পুলিশের বাধার সম্মুখীন হয়। পরে সেখানেই নেতৃবৃন্দের বক্তব্যের মধ্যে দিয়ে বিক্ষোভ সমাবেশ শেষ হয়।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের মানুষ চরম বিপাকে আছে। সবকিছু মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। মানুষ অসহায়। বাজার নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ। আওয়ামী লীগের ব্যবসায়ী সিন্ডিকেটের কারণেই জিনিসপত্রের দাম বাড়ছে। তাঁদের লুটপাটের কারণেই দেশের এই করুণ অবস্থা। দেশের মানুষ এই ব্যর্থ সরকারের কবল থেকে মুক্তি চায়। এসময় মিছিল থেকে জ্বালানী তেলসহ দ্রব্য মূল্যের দাম কমাতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।
উপস্থিত ছিলেন, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মো. মাসুদ পারভেজ, সিনিয়র সহ-সভাপতি জীবন বেপারী, সাংগঠনিক সম্পাদক আছির উদ্দিন খান বাচ্চু, সেন্টু ভুইয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক ইয়ানুছ আলী খান, পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মহসিন রহমান মাসুম, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারী, কেন্দ্রীয় সেচ্ছাসেবকদলের সহ-সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান বানি, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল খান, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের আহবায়ক মো. রবিউল ইসলাম অমিতসহ প্রতিটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































