ডেস্ক রিপোর্ট : প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারে বাংলাদেশে তৈরি পিসি গেম ‘জিরো আওয়ার’ প্রকাশিত হয়েছে। আলোচনায় আসা ‘জিরো আওয়ার’ ফার্স্ট পার্সন শুটার গেমটি তৈরি করেছে ‘আত্রিতো’ ও ‘এম সেভেন’ স্টুডিওজের কয়েকজন তরুণ।
দেশি গেমারদের পাশাপাশি অন্য দেশের গেমাররাও সেটি কিনে খেলতে পারছেন। জনপ্রিয় আন্তর্জাতিক গেমিং প্ল্যাটফর্ম ‘স্টিম’-এর ব্যবহারকারীরা গেমটির ভূয়সী প্রশংসা করেছে। তারা বড় বাজেটের গেমের চেয়েও জিরো আওয়ারকে ভালো মনে করছে।
শুধু তাই নয় বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্বখ্যাত কানাডিয়ান গেমার শ্রাউডসহ অন্যান্য ফেমাস স্ট্রিমাররা গেমটি খেলেছেন। বাংলাদেশি অ্যাপোলো গেমিং এর ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
পোস্টে বলা হয়েছে, ‘এটা একটা গর্বের বিষয় যে বাংলাদেশি গেম ‘জিরো আওয়ার’ খেলবে শ্রাউডসহ অন্যান্য ফেমাস স্ট্রিমার। এই সময়ে এটা বাংলাদেশি গেমিং কমিউনিটির জন্য ভালো। শুভ কামনা ‘জিরো আওয়ার’ এর জন্য এবং আশা করবো এটা যেনো সহিংস গেমের তালিকায় না পড়ে।’
গেমটির ঘরানা ‘ট্যাকটিক্যাল শুটার’, যার অর্থ গেমারের দায়িত্ব শুধু বন্দুক চালনাই নয়, বরং কিভাবে শত্রুদের পরাস্ত করা যাবে সেটি নিয়েও চিন্তা-ভাবনা করে সেই অনুযায়ী পরিকল্পনা করে এগোনো। গেমের সব গ্র্যাফিক্যাল অ্যাসেট- যেমন চরিত্রের মডেল, আর্কিটেকচারাল মডেল, টেক্সচার, থ্রিডি মডেলিং, মোশন গ্রাফিকস এসবকিছুই গোড়া থেকে তৈরি করেছে ‘জিরো আওয়ার’ এর দলটি।
এম-৭ প্রডাকশনসের প্রধান নির্বাহী, লিড গেম ডেভেলপার, জিরো আওয়ারের সহ-পরিচালক মেহেরাজ মারুফ জানান, শুধু ছোটবেলায় ‘সোয়াট ৪’ ও ‘রেইনবো সিক্স’ সিরিজের গেমগুলোর বিশাল ভক্ত হওয়ার জন্যই ‘জিরো আওয়ার’ তৈরিতে হাত দিয়েছিলাম। ফলে স্বাভাবিকভাবেই গেমটিতে সোয়াট ৪ নয়, বরং রেইনবো সিক্সের প্রভাবই বেশি।
জিরো আওয়ারের আরেক সহ-পরিচালক নাইম বিন হাসান জানান, ৩৩ জনের একটি দল গেমটি তৈরিতে কাজ করেছে। দেশি গেমগুলো বেশির ভাগ সময় গ্রাফিকসে পিছিয়ে থাকে। এর জন্য বাজেট, সময় এবং কারিগরি সীমাবদ্ধতাই দায়ী। অনেকটা সে চিন্তা থেকেই গেমের সব গ্রাফিক্যাল অ্যাসেট, যেমন- চরিত্রগুলোর মডেল, পারিপার্শ্বিক মডেল ও টেক্সচার নিজেরাই একেবারে গোড়া থেকে তৈরি করা হয়েছে।
শুধু জিরো আওয়ার নয়, আরও একটি গেম ‘আগন্তুক’ নিয়েও কাজ করছে তারা। তবে সে গেমটির ব্যাপ্তি বিশাল হওয়ায় বাজারে প্রকাশ করতে আরও কিছুটা সময় লাগবে।
‘জিরো আওয়ার’ গেমটি খেলার জন্য লাগবে অন্তত উইন্ডোজ ৭ বা ততোধিক ৬৪ বিট অপারেটিং সিস্টেম, ইন্টেল কোর আই৩ ৭১০০ বা এএমডি রাইজেন ৩ ১২০০ প্রসেসর, ৬ গিগাবাইট র্যাম, এনভিডিয়া জিটিএক্স ৭৫০টিআই বা এএমডি রেডিওন আর৭ ২৬০এক্স জিপিউ, ৮ গিগাবাইট জায়গা এবং ব্রডব্র্যান্ড ইন্টারনেট। গেমটি কেনা যাবে স্টিম থেকে বা সরাসরি গেম নির্মাতাদের পেজ থেকে। শুধু প্রাপ্তবয়স্করাই গেমটি খেলতে পারবেন।
ভবিষ্যতে নতুন আপডেট, বেশ কিছু নতুন ম্যাপ বা মানচিত্র, নতুন মাল্টিপ্লেয়ার ফিচার গেমটিতে যুক্ত করা হবে। জিরো আওয়ার এখনো পরীক্ষাধীন অবস্থায় আছে। কাজ শেষ হলে গেমটির পূর্ণাঙ্গ সংস্করণ হবে আরো ব্যাপক।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































