নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলার জয়পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সুপরিচিত দোহার উপজেলার প্রবীণ শিক্ষক ও সাবেক প্রধান শিক্ষক হায়াত আলী মিঞা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি করোনা আক্রান্ত হয়ে ঢাকার গ্যাষ্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি ৪ কন্যা, ২ পুত্র রেখে গেছেন। আজ মঙ্গলবার বিকেল (৫:৩০) মিনিটে তার নিজ কর্মস্থল জয়পাড়া পাইলট স্কুল মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে।
শিক্ষক, সমাজসেবী ও রাজনৈতিক নেতা হিসাবে হায়াত আলী মিঞা পুরো দোহারেই পরিচিত ছিলেন। ষাটের দশক থেকেই রাজনৈতিক অঙ্গনে পদচারনা ছিল হায়াত আলী মিঞার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় রাজনীতি করেছেন তোফায়েল আহমেদের সাথে। সক্রিয়ভাবে অংশ নিয়েছেন ৬ দফা, উনসত্তরের গণ অভ্যুত্থানে। ছিলেন দোহার উপজেলা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। একজন মুক্তিযোদ্ধা। সফলভাবে পালন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব।
রাজনীতি ছাড়াও শিক্ষকতা পেশায় তিনি ছিলেন দোহার উপজেলা শিক্ষকদের পথ প্রদর্শক। শুধু সফল মানুষ তৈরি করেননি, তৈরি করেছেন সফল রাজনৈতিক নেতাও। সাধারণ মানুষের পাশে ছিলেন সব সময়। আজ এক কর্মবীরের প্রয়াণ ঘটলো দোহার উপজেলা থেকে।
নববাংলা পরিবারের পক্ষ থেকে হায়াত আলী মিঞা বিদেহী আত্মার প্রতি মাগফেরাত ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা রইলো। আল্লাহ এই আলোর পথের পথপ্রদর্শককে জান্নাতুল ফেরদাউস অধিকারী করুন, আমীন।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































