নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জে আগলা বাজারস্থ শ্রী শ্রী বৈদ্যনাথ মন্দিরে ২০৭তম বার্ষিক পূজা উপলক্ষে পাঁচদিন ধর্মীয় অনুষ্ঠান চলছে। সোমবার রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পূজার্চনা সম্পন্ন হয়। পূজা উপলক্ষে সোমবার বিকাল থেকে দূর-দুরান্তের বিপুল সংখ্যক ভক্তের সমাগম ঘটে। সন্ধ্যা থেকে মন্দির প্রাঙ্গন হয়ে উঠে উৎসবমূখর।
মন্দির কমিটির সভাপতি নিরঞ্জন সরকার ও সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র শীল জানান, মঙ্গলবার ও বুধবার রাতে মন্দির প্রাঙ্গনে কবিগান পরিবেশন করবেন নবাবগঞ্জের অপূর্ব সরকার ও নিত্য গোপাল সরকার। বৃহস্পতিবার রাতে কৃষ্ণলীলা পরিবেশন করবেন মানিকগঞ্জের অনিল সরকার। শুক্রবার রাতে বাঙ্গালীর ঐতিহ্য, সামাজিক যাত্রাপালা পরিবেশন করবেন মানিকগঞ্জের অনিল সরকারের দল।
ইতালী প্রবাসী বিষ্ণুপদ সাহা জানান, করোনা পরিস্থিতির কারণে সতর্কতার সাথে অনুষ্ঠান করা হয়েছে। করোনা থেকে উত্তোরণে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি।
অনুষ্ঠানকে ঘিরে মন্দিরের আশপাশের এলাকায় বসেছে গ্রাম্য মেলা। ধর্ম, বর্ণ, নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে এলাকা হয়ে উঠেছে উৎসবমূখর।


Reporter Name 


















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































