নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহারে কিছু অসাধু ব্যবসায়ী তৈরি করে আসছিলো নিষিদ্ধ চায়না দোয়াইর। গতকাল ৩১ আগস্ট বুধবার বিকেলে উপজেলার কুসুমহাটি ইউনিয়নে এমন একটি অবৈধ চায়না দোয়াইর কারখানায় অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুস্তাফিজুর রহমান।
উপজেলার কুসুমহাটি ইউনিয়নে অবৈধভাবে গোপনে গড়ে উঠেছিলো এই নিষিদ্ধ চায়না দোয়াইর তৈরির কারাখানা। দীর্ঘদিন ধরে কুসুমহাটি ইউনিয়নের স্বাস্থ্যসেবা কেন্দ্রের অপর পাশে পরিত্যাক্ত একটি মুরগির খামারের ভিতরে অসাধু ব্যবসায়ীরা গোপনে তৈরি করে আসছিলো এই চায়না দোয়াইর। কারখানাটিতে অভিযান পরিচালনা করে প্রায় পাঁচ লাখ টাকার নিষিদ্ধ চায়না দোয়াইর জব্দ করে মৈনটঘাট এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। পরে কারখানাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এসময় অভিযানে সহযোগিতা করেন দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা লুৎফন্নাহার সহ পুলিশ ফোর্স।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































