নিজস্ব প্রতিনিধি : নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনায় নিহত দম্পতির মেয়ে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার ২১ ফেব্রুয়ারি দুপুরে নওগাঁর মান্দা উপজেলার মান্দা-নিয়ামতপুর আঞ্চলিক সড়কের গোয়ালপাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ সুত্রে জানা যায়, নওগাঁর নিয়ামতপুর উপজেলার দারাজপুর গ্রামের সইবর আলী তার স্ত্রী রেহেনা বেগম ও মেয়ে শাকিলাকে নিয়ে একটি মোটর সাইকেল যোগে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে ঘাতক ট্রাক্টরের চাপায় দুর্ঘটনাস্থলেই রেহেনা বেগমের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় সইবর আলী ও মেয়ে শাকিলাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক সইবর আলীকে মৃত ঘোষণা করেন ও গুরুতর জখম অবস্থায় মেয়ে শাকিলাকে ভর্তি করে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে।
মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে এক নারীর মৃতদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে একই সময় দুর্ঘটনা কবলীত ট্রাক্টর ও ট্রাক্টরের চালককে আটক করা হয়েছে। এছাড়া পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহীতে সইবর আলীর মৃত্যু হয়েছে জানিয়ে ওসি আরো বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেয়া হবে।


Reporter Name 

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































