ডেস্ক রিপোর্ট : দেশে করোনায় মৃত্যু ও নতুন রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। তিনদিন ধরে আক্রাক্তের হারও ২০ শতাংশের নিচে। সেই সঙ্গে বাড়ছে সুস্থতার হারও। সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে ৫৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এমনটি ভেবে স্বাস্থ্যবিধি না মানার কোনো সুযোগ নেই বলে জানান চিকিৎসকরা।
গত দু’মাসের তুলনায় সংক্রমণের ভয়াবহতার পারদ এখন অনেকটাই নিম্নমুখী। আক্রাক্তের চেয়ে সুস্থতার হার দ্বিগুণ। হাসপাতালগুলোর ভয়ংকর রূপ বদলে অনেকটা স্বস্তিতে ফিরেছে। সপ্তাহজুড়ে দৈনিক মৃত্যু দুইশ’র নিচে থাকায় পরিস্থিতি সহনীয় পর্যায়ে। শয্যার সংকট কেটে গেলেও আইসিইউ নিয়ে ছুটোছুটি চলছে। নিচে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলার করোনার চিত্র তুলে ধরা হলো-
ময়মনসিংহ : নতুন রোগী ভর্তির সংখ্যা কমলেও মৃত্যুর তালিকা ছোট হচ্ছে না ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। কোভিড ইউনিটে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গ নিয়ে ১০ জনের মারা গেছেন। ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে ৭০৯টি নমুনা পরীক্ষায় ১১৪ জনের করোনা আক্রাক্ত হয়েছে।
রাজশাহী :রাজশাহীতে আবারও মৃত্যু সংখ্যা বাড়ছে। একদিনে ১২ জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে আটজন করোনায় এবং করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ আগস্ট) সকাল ৯টা থেকে রোববার (২২ আগস্ট) সকাল ৯টার মধ্যে এরা মারা যান।
কুষ্টিয়া : কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জনের করোনা পজেটিভ ও ৪ জনের করোনা উপসর্গ ছিল। শনিবার (২১ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার (২২ আগস্ট) সকাল ৮টা মধ্যে তারা মারা গেছেন। ২৪ ঘণ্টায় জেলায় ২১৬ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের দেহে নতুন করে করোনা আক্রাক্ত হয়েছে। আক্রাক্তের হার ১৯ দশমিক ৪৪ শতাংশ।
খুলনা : করোনায় আক্রান্ত হয়ে খুলনা ২০০ শয্যার ডেডিকেটেড করোনা হাসপাতালে চার জনের মৃত্যু হয়েছে। রোববার (২২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তবে গত ২৪ ঘণ্টায় খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতাল ও গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি।
চাঁদপুর: চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে আরও দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ আগস্ট) দুপুর থেকে শনিবার (২১ আগস্ট) দুপুর পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে একজন করোনায় এবং অন্যজন উপসর্গ নিয়ে মারা গেছেন। এ সময় সুস্থ হয়েছেন ২২১ জন। ২৪ ঘণ্টায় ৭০ জনের করোনা আক্রাক্ত হয়েছে। এ দিন ৩৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা অনুপাতে আক্রাক্তের হার ১৯ দশমিক ৮৩ শতাংশ।
দিনাজপুর: দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে দুইজন করোনায় আক্রান্ত হয়ে আর তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৯ জনে।
চট্টগ্রাম : জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ৮ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে আরও ২৯৮ জনের করোনা আক্রাক্ত হয়েছে। তারা সবাই করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ফরিদপুরে ২ জন, চুয়াডাঙ্গায় ৫ জনের মৃত্যু হয়েছে।


Reporter Name 



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































