নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে আগামী তিন বছরের জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনকে সভাপতি ও নুরুল হক বেপারীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদারের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি বেনজীর আহমদ এমপি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মাহাবুবুর রহমান।
অতিথি হিসেবে উপস্থিত থেকে আরও বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, আইন বিষয়ক সম্পাদক কাজী নজীবুল্লাহ হীরু, সদস্য অ্যাড. এবিএম রিয়াজুল কবির কাওসার, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাড. সানজিদা খাতুন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি র্নিমল রঞ্জন গুহ, মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনার কলি পুতুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
দোহার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণার পর থেকেই সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছিল। তবে সভাপতি পদে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনের বিকল্প কারো নাম শোনা যায়নি।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৩ সালে অনুষ্ঠিত সম্মেলনে দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন আলী আহসান খোকন শিকদার।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































