নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মগবাজারের শরমা হাউসে বিস্ফোরণের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সাত দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কীভাবে এই বিস্ফোরণ হয়েছে, তা খুঁজে বের করবে এ কমিটি। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
তদন্ত কমিটির সদস্য ও ফায়ার সার্ভিসের ঢাকার উপপরিচালক (ডিডি) দিনমণি শর্মা এ তথ্য নিশ্চিত করেছেন।ফায়ার সার্ভিস সূত্র বলছে, মগবাজারের শরমা হাউসে বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির প্রধান সংস্থাটির পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান।
ফায়ার সার্ভিসের উপপরিচালক দিনমণি শর্মা বলেন, মগবাজারের বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু হয়েছে। কীভাবে এই বিস্ফোরণ, তা জানার জন্য তদন্ত হচ্ছে।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন গতকাল রোববার রাতে সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে গ্যাস বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটেছে বলে তাঁরা ধারণা করছেন। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কীভাবে এই বিস্ফোরণ, তা বলা সম্ভব নয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও গণসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বলেন, বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুরো ঘটনা তদন্ত করছে পুলিশ।
বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ছয়জনের মৃত্যুর তথ্য পেয়েছে । তবে মৃত্যুর তথ্য নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে ফায়ার সার্ভিস। মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন গতকাল রাতে তিনজন মৃত্যুর খবর জানান। আর ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম সাতজনের মৃত্যুর খবর জানিয়েছেন।


Reporter Name 

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































