নিজস্ব প্রতিনিধি : নিজ সংসদীয় আসন ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সংক্রমণ রোধে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি।
গেল এক সপ্তাহে দোহার ও নবাবগঞ্জ উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণের হার ৪০ শতাংশ বৃদ্ধি পাওয়ায় ঢাকা জেলা প্রশাসন ও দুই উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে বুধবার (২৩ জুন) বিকেলে ভার্চুয়ালি সভা করেন সালমান এফ রহমান। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন তিনি।
তিনি বলেন, কীভাবে কোন উপায়ে দোহার ও নবাবগঞ্জ উপজেলাবাসীদের এই মহামারির হাত থেকে রক্ষা করতে সচেতন করা যায় সেই পদক্ষেপ গ্রহণ করা হবে। এজন্য ঢাকা জেলা সিভিল সার্জনকে নির্দেশ দেয়া হয়েছে। দোহার ও নবাবগঞ্জ উপজেলাবাসীকে রক্ষার্থে ৭ দিনের বিধিনিষেধে উপজেলার সঙ্গে সকল জেলা ও উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন করা হবে। তিনি সবাইকে বিধি-নিষেধ মেনে চলার আহ্বান জানান।
ওই সভার পর ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মমিন উদ্দিনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত দুই উপজেলায় সাত দিনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ঢাকা জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির এক সভায় এ বিধিনিষেধ আরোপ করা হয়।
বিধিনিষেধে বলা হয়, দোহার ও নবাবগঞ্জ উপজেলার সাথে অন্যান্য জেলা ও উপজেলার নৌ, স্থলপথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে। করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী হাসপাতালে বাইরে নিজ বাড়িতে অবস্থান করলে ওই বাড়িতে লাল পতাকা দ্বারা চিহ্নিত করতে হবে।
সকলের জন্য বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধানের বিষয়টি নিশ্চিত করতে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণে নির্দেশনা দেয়া হয় প্রশাসনকে। মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়া দুই উপজেলার খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁ সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শর্ত মেনে খোলা রাখার সিদ্ধান্ত হয়। নিষিদ্ধ করা হয় সবরণের রাজনৈতিক জনসমাবেশ ও সামাজিক, ধর্মীয় আচার অনুষ্ঠান। বন্ধ রাখার সিদ্ধান্ত হয় সকল পর্যটন কেন্দ্র রিসোটর্, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র।
সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি। ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে যুক্ত হন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ আলী নুর।
সভায় বক্তব্য রাখেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, জেলা সিভিল সার্জন ডাক্তার আবু হোসেন মো. মইনুল আহসান, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নাসিরউদ্দিন আহমেদ ঝিলু, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এইচ এম সালাউদ্দীন মনজু, দোহার উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম, দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন প্রমুখ।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































