নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার পদ্মা নদীর বাম তীরের সংরক্ষণ বাঁধ পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। গত বুধবার দুপুরে তিনি এ বাঁধ পরিদর্শনে আসেন।
এসময় উপজেলা ডাক বাংলো ঘাটে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে সালমান এফ রহমান বলেন, উপজেলার তীরবর্তি ফরিদপুরের সদরপুরের নারকেলবাড়িয়া ইউনিয়নের আমিরাবাদ চরে দশ হাজার একর জায়গার পাওয়ার প্ল্যান্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ চরে পাওয়ার প্ল্যান্ট নির্মিত হলে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় পাওয়ার গ্রিডে সংযুক্ত করা হবে।
এমপি বলেন, দোহারে সবচেয়ে বড় সমস্যা নদী ভাঙ্গন। গত সংসদ নির্বাচনের আগে আমি কথা দিয়েছিলাম দোহারের নদী ভাঙ্গন সমস্যা সমাধান করার। এজন্য প্রধানমন্ত্রীর কাছে প্রকল্প চাইলে প্রধানমন্ত্রী এ প্রকল্পটি অনুমোদন দেন।
তিনি বলেন, শুরুতে যে প্রকল্পটি নিয়েছিলাম সেটি বাস্তবায়ন করতে গিয়ে দেখা যায় নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায়। ফলে আবার নতুন করে গবেষণা করতে হয়। এর ফলে শুধু বাঁধ নয় প্রকল্পের সাথে ড্রেজিংও সংযুক্ত করতে হয়েছে। এর ফলে পুরো দোহারের নদী সীমানা বাঁধের আওতায় আসবে। এতে দোহারের প্রতিটি এলাকা নিরাপদ হবে।
এর আগে পদ্মার তীর রক্ষা বাদ পরিদর্শনে এসে সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত সী-বোটে দোহারের পদ্মানদীর মাঝিরচর থেকে মৈনটঘাট, বাহ্রা হয়ে ফরিদপুরের সদরপুরের পদ্মানদীর নিকটবর্তি কয়েকটি ইউনিয়ন পরির্দশন করেন।
এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ নাঈম, সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, দোহার সার্কেল এএসপি জহিরুল ইসলাম, দোহার থানা ওসি মোস্তফা কামাল, নবাবগঞ্জ থানা ওসি শেখ সিরাজুল ইসলাম, নারিশা ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন দরানী, বিলাসপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি রাশেদ চোকদার, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগসহ দোহার উপজেলার ও সদরপুর উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন চেয়ারম্যানবৃন্দ।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































