নিজস্ব প্রতিবেদক : সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান। সোমবার (১২ সেপ্টেম্বর) এক শোক বার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সাজেদা চৌধুরীর মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি উল্লেখ করে সালমান এফ রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা এবং নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে তিনি যে অসামান্য অবদান রেখেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি মনে করেন, প্রতিথযশা এ বরেণ্য রাজনীতিবিদকে বাংলাদেশে গণতন্ত্রের বিকাশে এ জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।
এর আগে রোববার (১১ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাজেদা চৌধুরী। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সৈয়দা সাজেদা চৌধুরী ১৯৫৬ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ১৯৬৯-১৯৭৫ সময়কালে তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। মুক্তিযুদ্ধকালীন কলকাতা গোবরা নার্সিং ক্যাম্পের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন তিনি। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































