ডেস্ক রিপোর্ট : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক যুব দিবস ২০২১।
এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘খাদ্য ব্যবস্থার পরিবর্তন: মানবজাতি ও বিশ্ব স্বাস্থ্যের জন্য যুবদের উদ্ভাবন’। এ প্রতিপাদ্যকে ধারণ করে বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘অসীম সাহসী, সৃজনশীল ও সম্ভাবনাময় যুবসমাজ যুগ যুগ ধরে উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে ভূমিকা পালন করছে। তাই এসডিজি বা টেকসই অভীষ্ট উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, খাদ্য পরিবর্তন ব্যবস্থায় এবং কোভিড-১৯ সংক্রমণ উত্তরণসহ বিশ্ব স্বাস্থ্য সংরক্ষণে যুবদের ভূমিকা অগ্রগণ্য। দেশের যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে সরকারের গৃহীত নানা কর্মসূচির বর্ণনা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ইতিমধ্যে ৬৪ লাখ যুবককে বিভিন্ন ট্রেডে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ দিয়েছি যাদের মধ্যে প্রায় ২৪ লাখ যুব আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রশিক্ষিত যুবদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করতে বিনা জামানতে ২১ বিলিয়ন টাকা প্রদান করা হয়েছে। দেশের প্রতিটি উপজেলায় ধাপে ধাপে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।’ তিনি আশা প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশ এমডিজির ন্যায় ২০৩০ সালের মধ্যে যুবশক্তিকে কাজে লাগিয়ে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে সমর্থ হবে।’
এসময়ে প্রতিমন্ত্রী দেশের যুবসম্প্রদায়কে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়নমুখী কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে আগামীর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার উদাত্ত আহ্বান জানান। দিবসটি উদযাপন উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক দেশব্যাপী আলোচনা সভা ,যুব সংগঠনের নিবন্ধন সনদ বিতরণ, বৃক্ষরোপণ ইত্যাদি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, তারুণ্যের বিকাশ ও উন্নয়নে ১৯৯৮ সালে পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত জাতিসংঘের ‘ওয়ার্ল্ড কনফারেন্স অব মিনিস্টার রেসপনসিবল ফর ইয়ুথ’- ১২ আগস্টকে ‘আন্তর্জাতিক যুব দিবস’ হিসেবে উদযাপনের প্রস্তাব করে। পরের বছর ১৯৯৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে দিনটিকে ‘আন্তর্জাতিক যুব দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ ধারাবাহিকতায় প্রতি বছর ১২ আগস্ট জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়ে থাকে।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































