ডেস্ক রিপোর্ট : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মৌসুমি ফল আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন উপহার দুই দেশের মধ্যে বন্ধুত্ব আর সোহার্দ্যের সম্পর্ক আরও জোরদার করবে মনে করছেন দুই দেশের প্রতিনিধিরা।
রোববার (৪ জুলাই) দুপরে বেনাপোল স্থলবন্দর দিয়ে বন্দর ও কাস্টমসের কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে এ উপহার ভারতে পাঠানো হয় ভারতের পেট্রাপোল বন্দরে।এ সময় কলকাতা ডেপুটি হাইকমিশনে নিয়োজিত প্রথম সচিব (রাজনৈতিক) মো. সানিউল কাদের আম গ্রহণ করে ভারতীয় প্রতিনিধের কাছে হন্তান্তর করেন। উপহারসামগ্রীর মধ্যে ছিল হাড়ি ভাঙ্গা জাতের দুই হাজার ৬০০ কেজি আম। এর আগে ভারতকে করোনা প্রতিরোধে সহায়ক ৫ ট্রাক চিকিৎসাসামগ্রী উপহার দেয় বাংলাদেশ সরকার। এ ছাড়া দেশের বাইরে ইলিশ রপ্তানি বন্ধ থাকলেও প্রতি বছর পূজার সময় ভারতে বিপুল পরিমাণে ইলিশ পাঠানো হয়।বেনাপোল কাস্টমসের (ডিসি) অনুপম চাকমা জানান, ভারত সরকারকে প্রধানমন্ত্রীর উপহারের আড়াই মেট্রিক টনের বেশি আম দেওয়া হয়েছে। সকালে উপহারের আমগুলো বেনাপোল বন্দরে এসে পৌঁছালে দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতে পাঠানো হয়।
ভারতের পেট্রাপোল কাস্টমসের জয়েন্ট কমিশনার অনিত জয়েন বলেন, বাংলাদেশ ভারতের সবচেয়ে কাছের বন্ধু। মৌসুমি ফল আম আর সংকটময় মুহূর্তে করোনা প্রতিরোধসামগ্রী দিয়ে তার প্রমাণ রেখেছে। আগামীতে দুই দেশের মধ্যে এ সম্পর্ক আরও জোরদার হবে।কলকাতায় নিযুক্ত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) মো. সানিউল কাদের বলেন, প্রধানমন্ত্রীর উপহারের এ আম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য পাঠানো হবে।এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার, বেনাপোল বন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জুয়েল ইমরান ও বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান।ভারতের পক্ষে ছিলেন কাস্টমসের সুপারিনটেন্ডেন্ট প্রবিন ঘটক, বিএসএফ সদস্যরা।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































