নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জে বুধবার দুপুরে পুরাতন বান্দুরা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর রাত ১১টায় কলাকোপা পোদ্দার বাজার এলাকার একটি প্লাষ্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র জানায়, কলাকোপা পোদ্দার বাজারের লিটন মিয়ার ভাড়া দেয়া দোকানে যন্ত্রাইল ইউনিয়নের হরিষকুল গ্রামের দুলাল কুমার রায় আরএফএল কোম্পানির ডিলারশীপ নিয়ে প্লাষ্টিকের পণ্যের ব্যবসা করতেন। বুধবার রাত আনুমানিক ১১টার দিকে স্থানীয় আগুন জ্বলতে দেখে নবাবগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
দোহার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক দুর্ঘটনাস্থলে পৌছে ঘন্টাখানেক চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। মূলত দোকানটিতে একটি প্লাস্টিক কোম্পানির গোডাউন ছিলো। গোডাউন আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজু জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
তিনি আরও জানান, পুরাতন বান্দুরা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।


Reporter Name 















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































