নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজারে সবুজ ডেন্টাল কেয়ারে ভুল চিকিৎসায় নাসিমা বেগম (৫২) নামে এক নারীর মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে দোহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন তার ভাই জসিম খান। মামলার আসামি সবুজ ডেন্টাল কেয়ারের স্বত্ত্বাধিকারী মো. সাইফুদ্দিন আহম্মেদ সবুজ ও টেকনোলজিস্ট শেখর রায়কে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, উপজেলার কার্তিকপুর এলাকার মৃত ইয়াসিন মিয়ার স্ত্রী গত ১৮ মার্চ বৃহস্পতিবার বিকেল ৩:৩০ মিনিটের দিকে উপজেলার জয়পাড়া সবুজ ডেন্টাল কেয়ারে চিকিৎসা নিতে আসেন। এসময় দায়িত্বে থাকা টেকনোলজিস্ট শেখর রায় দাঁতে রুট কেনেল করে দিতে ৩৫০০ টাকা চুক্তি করে চিকিৎসা শুরু করেন।
পরে একটি বোতল থেকে এনেসথেসিয়া ঔষধ বের করে দাঁতে ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করার পর নাসিমার মুখ দিয়ে লালা বের হয় এবং শ্বাসকষ্ট শুরু হয়। এই পরিস্থিতিতে টেকনোলজিস্ট শেখর রায় রোগীকে সরকারি হাসপাতালে নিতে বলেন। কিছুক্ষন পর স্বজনেরা রোগী নাসিমা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় বৃহস্পতিবার রাতেই নিহত নাসিমা বেগমের ভাই জসিম খান ৩০২/১০৯ ধারায় হত্যা ও এই কাজে সহযোগীতার করার অপরাধে দুই আসামি করে একটি মামলা দয়ের করেন। এই মামলায় একইদিন দুইজন আসামিকে গ্রেপ্তার করেন দোহার থানা পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাদিকুজ্জমান বলেন, ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর ঘটনায় দোহার থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































