নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মোটর সাইকেল দুর্ঘটনায় নাঈম (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত নাঈম উপজেলার বাহ্রা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার পদে বিজয়ী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান লেবনের নাতি।
স্থানীয় সূত্রে জানা যায়, ৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাহ্রা ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য পদে বিজয়ী হন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান লেবন। নাঈম দাদার বিজয়ের সংবাদ পেয়ে সোমবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে মোটর সাইকেল যোগে নবাবগঞ্জে ফুলের মালা আনতে যায়। পথে উপজেলার বক্সনগর ইউনিয়নের খালপাড় দীঘিরপাড় এলাকায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খুঁটিতে ধাক্কা লেগে ছিটকে পরে আহত হয় নাঈম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই দেব দুলাল দে বলেন, এ বিষয়ে কেউ থানায় জানায়নি। লিখিত পেলে ব্যবস্থা নেয়া হবে।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































