ডেস্ক রিপোর্ট : ম্যাট হ্যানককের পদত্যাগের পর যুক্তরাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন সাজিদ জাভিদ। তিনি দেশটির সাবেক অর্থমন্ত্রী। স্থানীয় সময় গতকাল শনিবার দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় থেকে নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে সাজিদ জাভিদের নাম জানানো হয়। খবর রয়টার্সের।
গত বছর সাজিদ জাভিদ অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।প্রধানমন্ত্রী বরিস জনসনের ইচ্ছা অনুসারে রাজনৈতিক উপদেষ্টাদের চাকরিচ্যুত করতে তিনি রাজি হননি। এরপর পদত্যাগ করতে বাধ্য হন।
করোনার স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের বিধিনিষেধ ভেঙে সহকারীকে চুমু খাওয়ার জেরে গতকাল পদত্যাগ করেন হ্যানকক। তাঁর ওই ছবি সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পর ব্যাপক সমালোচনা চলে।
গিনা কোলাডঅ্যাঞ্জেলো নামের ওই সহকারীকে ম্যাট হ্যানকক নিজেই নিয়োগ দিয়েছিলেন। তাঁর সঙ্গে অন্তরঙ্গ ছবি প্রকাশ পাওয়ার পর দুঃখ প্রকাশ করে ক্ষমাও চান হ্যানকক। পরে পদ ছাড়তে বাধ্য হন। লেবার পার্টির পক্ষ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতি হ্যানকককে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি জানানো হয়।
ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়, হ্যানকক ও কোলাডঅ্যাঞ্জেলো দুজনই বিবাহিত। তাঁদের তিনটি করে সন্তানও রয়েছে। তাঁদের অন্তরঙ্গ ছবি গত ৬ মে স্বাস্থ্য বিভাগের ভেতরেই তোলা হয়।
যুক্তরাজ্যে বিধিনিষেধ চললেও কাজের সময় সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি আইনি বাধ্যবাধকতার মধ্যে নেই। তবে সরকারের পরামর্শ হচ্ছে, যেখানে সম্ভব মানুষ যেন দুই মিটার বা সংক্রমণের ঝুঁকি কমাতে অন্তত এক মিটার দূরত্ব বজায় রাখে। পাশাপাশি দাঁড়ানোর ক্ষেত্রে এ নিয়ম মানতে হবে বা মাস্ক পরতে হবে। গত মাসের শুরু থেকে যুক্তরাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ আবার বেড়েছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন সাজিদ জাভিদ।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































