নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আনজিম আহমেদ প্রান্তিক (১৯) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সংকটাপন্ন অবস্থায় রয়েছে একই দুর্ঘটনায় আহত আলভি আহমেদ (২০)।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রান্তিকের মৃত্যু হয় বলে প্রান্তিকের ফুপা আলহাজ্ব উল্লাহ রাজা মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। সে উপজেলার কলাকোপা ইউনিয়নের বাগমারা গ্রামের মহসিন উদ্দিন পলাশের ছেলে।
আহত আলভি আহমেদ আলভি রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সে জালালপুর গ্রামের মৃত মো. আযমের ছেলে। তারা দুজন এবছর দোহার-নবাবগঞ্জ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে নবাবগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে প্রান্তিক ও আলভি বাড়ি ফিরছিল। এসময় প্রান্তিক মোটরসাইকেল চালাচ্ছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে এলে একটি ব্যাটারী চালিত অটো রিক্সার সাথে ধাক্কা লাগে। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ঢাকায় প্রেরণ করেন। নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মো. লিয়াকত জানান, এবিষয়ে কেউ থানায় জানায়নি।


Reporter Name 




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































