বাংলাদেশ যে বছর পাকিস্তানের করাচিতে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা হাতছাড়া করে ফাইনালে ভারতের কাছে হেরে, তার দুই বছর পর জাতীয় দলে অভিষেক হয়েছিল মামুনুল ইসলামের।
২০০৭ সালে মালয়েশিয়ার মারদেকা কাপে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে প্রথম লাল-সবুজ জার্সি পড়েছিলেন এ প্লে-মেকার। পরের বছরই প্রথমবারের মতো খেলেন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপে।
শিরোপা উদ্ধারের স্বপ্ন নিয়ে মালদ্বীপ ও শ্রীলঙ্কা যাওয়া ফুটবলারদের মধ্যে ছিলেন মামুনুল ইসলাম। কিন্তু বাংলাদেশ বাদ পড়েছিল গ্রুপপর্ব থেকে। তারপর হওয়া পাঁচটি সাফ চ্যাম্পিয়নশিপেই বাংলাদেশ দলে ছিলেন মামুনুল ইসলাম। কিন্তু একবারও সেমিফাইনালে খেলতে পারেনি লাল-সবুজ জার্সিধারীরা। এর মধ্যে ২০০৯ ও সর্বশেষ ২০১৮ সালের আসর বসেছিল বাংলাদেশেই।
প্রায় ১৩ বছর জাতীয় দলে খেলা মামুনুল ইসলাম বাংলাদেশের ফুটবলের পরিচিত মুখ। দেশের বড় বড় ক্লাবের হয়ে খেলেছেন। এমন কি ২০১৪ সালে ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন ‘অ্যাথটিকো দ্য কলকাতা’ দলের সদস্যও ছিলেন। ঘরোয়া ও আন্তর্জাতিক মিলে ১৮টা ট্রফি আছে তার। তারপরও বড় এক অতৃপ্তি নিয়েই জাতীয় ফুটবল থেকে অবসর নিচ্ছেন দেশের অভিজ্ঞ এ ফুটবলার। সেটা সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি জিততে না পারা।
আন্তর্জাতিক ফুটবলে ৮০টির মতো ম্যাচ খেলেছেন। লাল-সবুজ জার্সি তুলে রাখার জন্য মামুনুল বেছে নিয়েছেন আগামী ১২ নভেম্বর ঘরের মাঠে ভারতের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। এরপর যতদিন পারবেন ঘরোয়া ফুটবল খেলে যাওয়ার ইচ্ছে।
আগামী অক্টোবরে বাংলাদেশের দুটি ম্যাচ আছে আফগানিস্তান ও কাতারের বিরুদ্ধে। নভেম্বরের দুই ম্যাচ ভারত ও ওমানের বিপক্ষে। ভারতের বিপক্ষে ম্যাচকেই কেন বেছে নিলেন অবসরের জন্য?


Reporter Name 

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































