ঢাকা জেলা প্রশাসনের বিশেষায়িত সেবামূলক প্ল্যাটফর্ম ‘হ্যালো ডিসি’তে আবেদন করে সেলাই মেশিন পেয়েছেন দোহার উপজেলার ১৪ জন অসহায় ও দরিদ্র নারী। তাদের স্বাবলম্বী করে তুলতে এসব সেলাই মেশিন বিতরণ করেছে জেলা প্রশাসন।
রবিবার (২ আগস্ট) ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম নিজ হাতে এসব সেলাই মেশিন উপকারভোগীদের মধ্যে বিতরণ করেন।
‘হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মে আবেদন পাওয়ার পর দোহার উপজেলা প্রশাসনের মাধ্যমে আবেদনকারীদের আর্থ-সামাজিক অবস্থা যাচাই করা হয়। যাচাই শেষে প্রকৃত দুস্থ, অসহায় ও দরিদ্র ১৪ জন নারীকে সেলাই মেশিন দেওয়ার জন্য নির্বাচন করা হয়।
বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, সামাজিক সুরক্ষা ও নারীর ক্ষমতায়নের উদ্যোগকে আরও কার্যকর করতে জেলা প্রশাসন কাজ করছে।
শুধু সহায়তা নয়, মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করে তাদের স্বাবলম্বী করাই লক্ষ্য।
তিনি বলেন, ‘হ্যালো ডিসি’ সেবার মাধ্যমে প্রকৃত অসহায় মানুষের কাছে দ্রুত ও সহজে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। এসব সেলাই মেশিন কাজে লাগিয়ে উপকারভোগীরা পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখবেন এবং আত্মনির্ভরশীল হয়ে উঠবেন বলে আশা করছি।
জেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও ‘হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের আবেদন গ্রহণ, যাচাই-বাছাই এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীম হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দোহার উপজেলা ভূমি সহকারী কমিশনার তাশফিক সিগবাত উল্লাহ, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রবিউল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


নিজস্ব প্রতিবেদক 


















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































