বিনোদন ডেস্ক: দীর্ঘ ১৭ বছর পর নতুন গান নিয়ে আসছে জনপ্রিয় ব্যান্ডদল রেনেসাঁ। প্রকাশ হচ্ছে দেশের শীর্ষস্থানীয় অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে। গানের শিরোনাম ‘আকাশ আমার জোছনা আমার’। জুলফিকার রাসেলের লেখায় এতে সুরারোপ করেছেন এবং কণ্ঠ দিয়েছেন পিলু খান। এরইমধ্যে রেকর্ডিংও সম্পন্ন হয়েছে। এর ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ২৬ মার্চ ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)-এর ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে একাধিক অ্যাপে। গান প্রকাশে এত দীর্ঘসূত্রতা কেন, জানতে চাইলে রেনেসাঁ ব্যান্ডের নকীব খান বলেন, ‘যেহেতু আমরা সবাই চাকরি এবং অন্য পেশায় ব্যস্ত থাকি, তাই একটু সময় নিয়ে অ্যালবামের কাজগুলো করতে হয়। একটি নতুন কাজ করতে হলে সবাইকেই সময় দিতে হয়। তা ছাড়া আমাদের ব্যান্ডের সবাই গানের মানের ব্যাপারে খুবই সচেতন। একটি গান আমাদের মনঃপূত না হলে সেই গান আমরা কখনোই প্রকাশ করি না। গানের গুণগত মানের ব্যাপারে আমরা কখনোই আপস করতে রাজি নই। এ কারণে প্রায় ১৭ বছর পর আসছে আমাদের নতুন গান। তবে এটুকু বলতে পারি, আমাদের প্রতি শ্রোতাদের যে আস্থা আছে সেটি বজায় থাকবে এ গানে।’
প্রসঙ্গত, রেনেসাঁর জন্ম ১৯৮৫ সালে। নকীব খান সোলস থেকে বেরিয়ে এসে এই ব্যান্ড গঠন করেন। ১৯৮৮ সালে তাদের প্রথম অ্যালবাম বাজারে আসে। ১৯৯৩ সালে দ্বিতীয় অ্যালবাম ‘তৃতীয় বিশ্ব’, ১৯৯৮ সালে তৃতীয় অ্যালবাম ‘একাত্তরের রেনেসাঁ’ এবং সর্বশেষ ২০০৪ সালে প্রকাশ পায় ‘একুশ শতকে রেনেসাঁ’ অ্যালবামটি। এরপর টানা ১৭ বছর ব্যান্ডটি কোনো গান প্রকাশ করেনি। এই দীর্ঘ সময় পর ‘আকাশ আমার জোছনা আমার’ গানটি দিয়ে নিজেদের সরব উপস্থিতি জানান দিচ্ছে দলটি। বর্তমানে দলটিতে আছেন নকীব খান, পিলু খান, রেজাউর রহমান, ইমরান রহমান, কাজী হাবলু ও কার্তিক।


Reporter Name 















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































