নিজস্ব প্রতিবেদক: বন্ড ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে সাউথইস্ট ব্যাংক লিমিটেড। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আজ বৃহস্পতিবার ৭৩৯তম কমিশন সভায় এই অনুমোদন দিয়েছে।
বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, সাউথইস্ট ব্যাংকের বন্ডটির মেয়াদ হবে সাত বছর। মেয়াদ শেষে এর পূর্ণ অবসায়ন ঘটবে। বন্ডটি অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে- এটি আনসিকিউরিড, নন-কনভার্টিবল ও ফ্লোটিং রেট বিশিষ্ট সাব-অর্ডিনেটেড বন্ড। অর্থাৎ এই বন্ডের বিপরীতে কোনো জামানত রাখা নেই। এর কোনো অংশ শেয়ারে রূপান্তরযোগ্য নয়।
বন্ডটি স্টক এক্সচেঞ্জের অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে। বিএসইসি বন্ডের প্রস্তাব অনুমোদনের সময় এই শর্ত আরোপ করেছে।
স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, বিভিন্ন ফান্ড, করপোরেট প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বরাদ্দ দেয়া হবে। এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১ লাখ টাকা।
টিয়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ করছে ব্যাংকটি। এই বন্ডের ট্রাস্টি ও লিড অ্যারেঞ্জার হিসেবে রয়েছে যথাক্রমে গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।


Reporter Name 















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































