শুক্রবার (৯ অক্টোবর) নোবেল কমিটির অফিসিয়াল টুইটার পেজে এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি
বিশ্বজুড়ে ক্ষুধা ও খাদ্য নিরাপত্তাহীনতার বিরুদ্ধে লড়াইয়ের জন্য এ বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছে জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা “ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম” (ডব্লিউএফপি)। শুক্রবার (৯ অক্টোবর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ১০১তম নোবেল শান্তি পুরস্কারের জন্য জাতিসংঘের এ অঙ্গ প্রতিষ্ঠানটির নাম ঘোষণা করে নোবেল কমিটি।
করোনাভাইরাস মহামারির মধ্যেও ক্ষুধার বিরুদ্ধে লড়াই, শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধ-সংঘাত কবলিত এলাকার পরিস্থিতির উন্নয়ন এবং যুদ্ধ ও সংঘাতের অস্ত্র হিসেবে কাজ করার জন্য অব্যাহত লড়াই প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে ডব্লিউএফপি’কে এবার শান্তিতে নোবেল দেওয়া হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি।
ক্ষুধা মোকাবেলা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিশ্বের সবচেয়ে বড় মানবিক এ প্রতিষ্ঠানটি ২০১৯ সালে বিশ্বের ৮৮টি দেশে ১০ কোটি মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে বলে কমিটিটির পক্ষ থেকে জানানো হয়েছে।
নোবেল কমিটির সভাপতি বেরিট রেইস-অ্যান্ডারসন বলেন, “খাদ্য সুরক্ষাকে শান্তির উপকরণ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বহুপাক্ষিক সহযোগিতায় মূল ভূমিকা পালন করেছে ডব্লিউএফপি এবং যুদ্ধ ও সংঘাতের অস্ত্র হিসেবে ক্ষুধার ব্যবহারকে মোকাবিলায় জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহকে একত্রিত করার জন্য জোরালো অবদান রেখেছে সংস্থাটি।”
লাখ লাখ ক্ষুধার্ত মানুষের প্রতি অনবদ্য ভূমিকা পালন করায় সংস্থাটির নামে পুরস্কারটি ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।


Reporter Name 















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































