বন্যা ও জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পেতে ভাসমান বীজতলা তৈরি করে চারা উৎপাদনে সফলতা পেয়েছেন মৌলভীবাজারের কৃষকরা। এবারই প্রথম এ পদ্ধতিতে জেলার সদর উপজেলা ছাড়াও কয়েকটি উপজেলার কৃষক এই বীজতলায় রোপা আমনের চাষাবাদ শুরু করেছেন। কৃষকরা বলছেন, এ পদ্ধতিতে চারা উৎপাদনে খরচও কম।
মৌলভীবাজার সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত কান্তি দত্ত জানান, প্রতি বছর বন্যা আর অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় মৌলভীবাজার জেলায় বেশিরভাগ চাষিরা চারা বীজের জন্য সঠিক সময়ে চাষাবাদ করতে পারেন না। এ সমস্যা থেকে মুক্তি পেতে এবারই প্রাথমিক পর্যায়ে সদর উপজেলার আথানগিরি, নাজিরাবাদ ও কনকপুর ইউনিয়নের ছয়টি গ্রামে ভাসমান বীজতলা তৈরির উদ্যোগ নেয়া হয়। বীজতলা তৈরি করাও সহজ।
ভাসমান বীজতলা তৈরি প্রসঙ্গে তিনি জানান, প্রথমে কয়েকটি কলাগাছ একসঙ্গে বেঁধে ভেলা তৈরি করতে হয়। তারপর ভেলার ওপর কঁচুরিপানা সাজিয়ে তার ওপর দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ মাটি দিলেই বীজতলা হয়ে যায়। এক একটি ভেলা অন্তত দশ মিটার হলে ভাল। নদীতে করা হলে ভেলাটি যেন স্রোতে ভেসে না যায়- এজন্য তা একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখতে হবে। পরীক্ষামূলক ভাসমান বীজতলা তৈরি করে শুরুতেই ব্যাপক সফলতা পাওয়া গেছে। এবার জেলার অন্যান্য উপজেলা মিলে প্রায় ১৬০টি ভাসমান বীজতলা তৈরি করা হয়।
বীজতলা তৈরি এই পদ্ধতি নিয়ে কয়েকজন কৃষকও তাদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তারা জানান, এ পদ্ধতিতে চারা উৎপাদনে খরচ কম এবং সঠিক সময়ে তারা এ বছর রোপা আমন চাষাবাদ করতে পেরেছেন। স্থানীয় কৃষি বিভাগও তাদের দরকার মতো পরামর্শসহ নানাভাবে সহযোগিতা করেছে।
বুদ্ধিমন্তপুর গ্রামের কৃষক মিনাকত মিয়া জানান, বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে প্রতিবছরই তার বীজতলা নষ্ট হয়ে যেত। এভাবে অনেক কৃষকই ক্ষতিগ্রস্ত হন। এ কারণে ঠিক সময়ে জমিতে চারা রোপন করতে পারতেন না তারা। সেইসঙ্গে একই বীজের জন্য দুইবার বীজতলা তৈরিতে খরচও বেশি পড়ে যেত। কিন্তু এবার কৃষি বিভাগের পরামর্শে আটটি ভেলায় ভাসমান বীজতলা তৈরি করে বেশ লাভবান হয়েছেন তিনি। কারণ, কম খরচে সময়মতো চার বিঘা জমিতে রোপা আমনের চাষাবাদ করতে পেরেছেন তিনি।
একই গ্রামের আরেক কৃষক রাজু মিয়া জানান, ভেলায় ভাসমান বীজতলা করতে গিয়ে তার মাত্র এক হাজার ৪শ’ টাকা খরচ হয়েছে। যেখানে জমিতে এই পরিমাণ বীজতলা তৈরি করতে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা খরচ পড়ত। আর চারা তোলার পর বীজতলা তৈরি করা ওই ভেলায় তিনি শাকসবজির চাষ করবেন বলেও জানান।
এদিকে, মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে ভাসমান বীজতলা পদ্ধতি জনপ্রিয় করার উদ্যোগ নেয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে এ উদ্যোগের সফলতা পাওয়া গেছে। পদ্ধতিটিকে আরও এগিয়ে নিতে কাজ করার কথা জানান তিনি।


Reporter Name 















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































