ডেস্ক রিপোর্ট : নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার সম্মানে নড়াইল পৌর নির্বাচন থেকে সরে গেলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী সরদার আলমগীর হোসেন।
সোমবার (২৫ জানুয়ারি) বেলা ১২টায় শহরের পুরাতন বাস টার্মিনালের বাস মিনিবাস মালিক সমিতির কার্যালয় সমিতির সভাপতি স্বতন্ত্র প্রার্থী সরদার আলমগীর হোসেন নড়াইল পৌর নির্বাচনের চারদিন আগে নৌকা প্রতীকের প্রার্থী আনজুমান আরা সিদ্দিকীকে সমর্থন করে সরে দাঁড়ান তিনি।
এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের নেতা বাবুল সাহা, কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক কমিটির সদস্য সৌমেন চন্দ্র বোস, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোস্তফা কামাল, জেলা যুব মহিলা লীগের নেত্রী সঞ্চিতা হক রিক্তা, যুবলীগ নেতা সালাউদ্দিন নান্না, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম, ছাত্রলীগের সাবেক সভাপতি নিলয় রায় বাধনসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।
নড়াইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক জনাব সরদার আলমগীর হোসেন (আলম) সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেন, ‘নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার সম্মানে ও জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে আমি নিজে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম এবং সকলকে নৌকা প্রতীকের জন্য কাজ করার আহ্বান করি’।
তিনি আরো বলেন, দলীয় চূড়ান্ত সিদ্ধান্ত মেনে নিয়ে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করা, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সৌন্দর্য। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে সমৃদ্ধ নড়াইল গড়ার এই পথচলায় রাজনীতির মাঠ হোক ঐক্যবদ্ধ, সৌহার্দপূর্ণ ও সুশৃঙ্খল।উল্লেখ্য, ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে নড়াইল পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।


Reporter Name 















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































