ঢামেক প্রতিবেদক: নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় শেখ ফরিদ (২৩) ও নজরুল ইসলাম (৫০) নামে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টায় নজরুল ইসলাম ও পৌনে ৫টায় শেখ ফরিদের মৃত্যু হয়। তারা দুজনই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বাংলানিউজকে বলেন, চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দগ্ধদের মধ্যে ৩১ জন মারা গেছেন। একজন চিকিৎসা দিয়ে বাসায় ফিরেছেন। বাকি পাঁচজনের অবস্থাও আশঙ্কাজনক।
এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দগ্ধদের মধ্যে ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এরমধ্যে ৩১ জনের মৃত্যু হয়েছে। একজন চিকিৎসা দিয়ে বাসায় ফিরেছেন। বাকি মুসল্লিদের অবস্থাও আশঙ্কাজনক।


Reporter Name 















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































