মাঝি-মাল্লার মুখে মুখে, “আল্লাহু, আল্লাহ মারোটান হেইয়া, হেইয়া রে হেইয়া” আর বৈঠায় ছলাৎ ছলাৎ শব্দে মাতিয়ে তোলে নদীর দুই পাড়। নদীর দুই পাড়ে নোঙর করা শত শত নৌযানসহ পাড়ে দাঁড়িয়ে হাজার হাজার দর্শনার্থীর হৈ হুল্লোরে উপভোগ করলো ঢাকার নবাবগঞ্জের কলাকোপা এলাকার ইছামতি নদীর নৌকা বাইচ প্রতিযোগিতা।
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় বাংলার চিরায়ত এ রুপ, বাঙালির হাজার বছরের ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে কলাকোপা এলাকাবাসী এবং নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি ও নবাবগঞ্জ রোইং ক্লাব এতে সহযোগিতা করেন।
বিকাল ৪টার পর থেকে ইছামতি নদীর দুপারে দর্শনার্থীদের আগমন ঘটে। নৌযানে আসা দর্শনার্থীরা আসে সকাল থেকে। বিকাল হতেই দুপাড়ের রাস্তাগুলোতে ভীড় জমে যায়। দু’পার জুড়ে বসে বিশাল গ্রাম্য মেলা। সন্ধ্যা হতে ভীড় যেন আরও বেড়ে যায়। নাগর দোলা, বাঁশির শব্দে চারিদিক মুখর হয়ে উঠে। চলে রাত পর্যন্ত। এযেন উৎসবের আমেজ।
নৌকা বাইচ প্রতিযোগিতায় নবাবগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জের ১০টি নৌকা অংশ নেয়।
এর মধ্যে- ঢাকার নবাবগঞ্জের খান বাড়ি ও আব্দুল খালেক, লিটন-২, মুন্সিগঞ্জের শ্রীনগরের মামা ভাগ্নে, ফরিদপুরের সদীপুরের আদিল ফাইটার, মানিকগঞ্জের সোনার তরী উল্লেখযোগ্য। এছাড়াও ৫/৭ টি কোষা নৌকা অংশগ্রহণ করে।
নৌকাগুলো জোড়ায় জোড়ায় প্রতিযোগিতায় অংশ নেয়। লটারীর মাধ্যমে নৌকার প্রতিযোগী ও প্রতিযোগিতা নির্ধারণ করা হয়। নৌকাগুলো নদীর আনসার ভিডিপি ক্যাম্পের তেলিবাড়ি ঘাট থেকে হরিষকুল ব্রীজের পরে গিয়ে শেষ হয়। মাঝি-মাল্লারা নদীর দুই কিলোমিটার এলাকা দাপিয়ে বেড়ায়।
কলাকোপা নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজক কমিটির আহ্বায়ক মো. আলমগীর হোসেন ও সদস্য সচিব মো. নজরুল ইসলাম জানান, সার্বিক নিরাপত্তার ব্যবস্থা রেখে মানুষকে বিনোদন দেয়ার চেষ্টা করেছি। প্রতিযোগিতা শেষে প্রথম পুরস্কার একটি মোটর সাইকেল, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার একটি করে ফ্রিজসহ অংশগ্রহণকারী প্রতিটি নৌকার জন্য একটি করে টেলিভিশন পুরস্কার দেয়া হয়।
নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক রাশিম মোল্লা বলেন, হাজার বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়াই এখনো টিকে আছে। সরকারি উদ্যোগে প্রতি বছর ফুটবল ও ক্রিকেট খেলার আয়োজন করলেও গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচের আয়োজন করে না। সরকারের কাছে আমাদের দাবি প্রতিটি জেলা ও উপজেলার উদ্যোগে নৌকা বাইচ আয়োজন করা হোক।
প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
খন্দকার আবু আশফাক বলেন, গ্রাম বাংলার হাজার বছরের প্রাচীন ঐতিহ্য এ নৌকা বাইচ প্রতিযোগিতা। এটা বাঙালির সংস্কৃতির অংশ। মানুষ যেন এ বিনোদন থেকে বঞ্চিত না হয়। সকলের মাঝে এ চেতনাকে জাগ্রত করতে হবে। যাতে কোনো অপশক্তি এদেশের সংস্কৃতিকে বিকৃত করতে না পারে।
প্রতিযোগিতার উদ্ধোধক ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম।
বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার ইব্রাহিম আলম ভূইয়া, দোহার নবাবগঞ্জ পেশাজীবী পরিষদের সভাপতি প্রকৌশলী মো. সেলিম মিয়া, নবাবগঞ্জ রোইং ক্লাবের সহ-সভাপতি ডা. হরগোবিন্দ সরকার অনুপ, নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক মো. রাশিম মোল্লা, ক্রীড়া সম্পাদক দুলাল দেওয়ান। , কলাকোপা নৌকা বাইচ আয়োজক কমিটির কর্মকর্তা মাহবুব আলী দেওয়ান অপু প্রমুখ।
নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক রাশিম মোল্লা বলেন, নৌকা বাইচ বাংলার হাজার বছরের ঐতিহ্য। এর মধ্যে ঢাকা বিভাগের নবাবগঞ্জে নৌকা বাইচের গুড়াপত্তন হয়েছে। এক সময় এই উপজেলার ইছামতি নদীর ৩০টি পয়েন্টে নৌকা বাইচ হতো। কিন্তু বর্তমানে ইছামতি নদীর উৎপত্তিস্থল পদ্মা নদীর নিকটস্থ কাশিয়াখালি বেড়িবাঁধ দেওয়ার কারণে নদীতে পর্যাপ্ত পরিমাণ পানি থাকছে না। আমরা ইাছামতী নদী আগের রূপে ফিরিয়ে আনতে দোহারের কার্তিকপুর ও সোনাবাজু -কাঠিয়াখালী বেরিবাধে প্রয়োজনীয় সংখ্যক স্লুইজগেট স্থাপনের জোর দাবি করছি।


নিজস্ব প্রতিবেদক 















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































