ঢাকার দোহার উপজেলায় রাইপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের পদ নিয়ে দুই পক্ষের সৃষ্ট বিরোধ ও বাকবিতন্ডার ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক কাজী জুবায়ের আহমেদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রোববার বিকেল ৫ টার দিকে উপজেলার রাইপাড়া ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক কাজী জুবায়ের আহমেদ বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল এস’ এর দোহার প্রতিনিধি এবং স্থানীয় সাপ্তাহিক এশিয়া বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বিকেল ৩ টার দিকে উপজেলার রাইপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হওয়া নিয়ে সংরক্ষিত ইউপি সদস্য ঝর্ণা বেগম ও ইউপি সদস্য মো. লিটন মেম্বার গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে কাজী জুবায়ের আহমেদের উপর চড়াও হয় রাইপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমির শিকদার, তৌহিদ সহ বেশ কয়েকজন। পরে উপস্থিতিদের ছবি তুলতে গেলে কাজী জুবায়েরের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুত্বর আহত করে। এ সময়ে তার সাথে থাকা ২২ হাজার ৫ শ’ টাকা ছিনিয়ে নেয়। পরে আহত কাজী জুবায়ের এর আত্ম-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, আহত সাংবাদিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে আহত কাজী জুবায়ের আহমেদ বলেন, আমি সংবাদ সংগ্রহ করতে গেলে রাইপাড়া ইউনিয়নের বিএনপি’র সভাপতি আমির শিকদারের নেতৃত্বে তৌহিদুল ইসলাম, রমজান খান, লিটন মেম্বারের ভাই কবিরসহ একদল সন্ত্রাসী কিছু বুঝে উঠার আগেই আমার উপর অতর্কিত হামলা চালায়। এসময়ে আমার সঙ্গে থাকা ২২ হাজার ৫ শ’ টাকা ছিনিয়ে নেন। এ ঘটনার সঠিক বিচার দাবি করছি।
এ বিষয়ে আমির শিকদার জানান, সংরক্ষিত ইউপি সদস্য ঝর্ণা বেগম সন্ত্রাসী ও বহিরাগতদের নিয়ে ইউনিয়ন পরিষদ দখলের চেষ্টা করছিল। সংবাদ পেয়ে আমিসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে নিয়ে সেখানে বাঁধা দিয়েছি। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে জানতে পারি কে বা কারা জুবায়েরের উপর হামলা করেছে। আমরা এ হামলার সাথে জড়িত নই।
এবিষয় দোহার প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. কামরুল হাসান বলেন, আমাদের সহকর্মীরা পেশাগত দায়িত্ব পালনকালে কাজী যুবায়ের আহমেদের ওপর হামলা করা হয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, এ ঘটনায় দোহার থানায় একটি অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে।


দোহার (ঢাকা) প্রতিনিধি: 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































