বিনোদন প্রতিবেদক: আসছে ১৬ জানুয়ারি চার বছরে পা রাখছে ব্যান্ডদল ‘আভাস’। এ উপলক্ষে ভক্ত-অনুরাগীদের নতুন গান উপহার দিচ্ছেন সময়ের আলোচিত এ ব্যান্ডের সদস্যরা।
আভাস’র নতুন এ গানের শিরোনাম ‘অনাথ’। ১৬ জানুয়ারি ব্যান্ডটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে গানটি।
ব্যান্ডটির ভোকাল ও প্রধান সদস্য তানযীর তুহিন বলেন, ‘শ্রোতাদের ভালোবাসা নিয়ে পথ চলছি। তাদের উৎস-প্রেরণায় স্বল্প সময়ে ‘আভাস’র আজকের অবস্থান। ‘অনাথ’ আমাদের আরেকটি পরিশ্রমের ফসল। এখন শ্রোতারা ভালোভাবেই নিলেই আমাদের প্রচেষ্টা সার্থক। ’
তিনি আরও বলেন, ‘গানটি নিয়ে আমাদের আরও কিছু পরিকল্পনা আছে। রোববার (১০ জানুয়ারি) এ বিষয়ে সবাইকে বিস্তারিত জানাবো। ’
নতুন গান প্রকাশ উপলক্ষে ১৬ জানুয়ারি যমুনা ফিউচার পার্কে একটি বিশেষ আয়োজনে থাকছেন ব্যান্ড সদস্যরা, সেখানে তারা ৬ থেকে ৭টি গান পরিবেশন করবেন। আর ‘অনাথ’ নিয়ে একটি অ্যানিমেশন তৈরি করেছে প্ল্যাটফর্ম নামের একটি প্রতিষ্ঠান। এটি নিয়ে টিশার্টসহ বেশ কিছু স্মারকও থাকছে।
শিরোনামহীন ছেড়ে ২০১৭ সালের ১৬ ডিসেম্বর ব্যান্ডদল ‘আভাস’ গড়েন তুহিন। ব্যান্ডটির প্রথম গান ‘মানুষ-১’ আসে ২০১৮ সালের আগস্ট মাসে। এরপর ২০১৯ সালের জানুয়ারিতে প্রকাশ পায় ব্যান্ডটির স্বনামের আলোচিত গান ‘আভাস’। ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি অবমুক্ত হয় আভাসের তৃতীয় গান ‘বাস্তব’। প্রায় এক বছর বিরতির পর এবার আসছে চতুর্থ গান ‘অনাথ’।
আভাস’র লাইনআপ: লিড-সুমন, বেজ-রাজু, ড্রামস-রিঙ্কু, কি বোর্ডস-শাওন, ভোকাল-তুহিন।


Reporter Name 















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































