অনলাইন ডেস্কঃ সরকারি চুক্তির তিন কোটি ডোজের পাশাপাশি বেসরকারি খাতের জন্য আরও ১০ লাখ করোনার টিকা আনছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল। এর ফলে সাধারণ মানুষের ভ্যাকসিনপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে বলে মনে করে প্রতিষ্ঠানটি। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা সেরাম ইনস্টিটিউট হাত ধরে বাংলাদেশের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর’ বেক্সিমকো। বেসরকারি খাতে এই বিপণনে অগ্রাধিকার পারে ফ্রন্টলাইনার ও করপোরেট অফিসগুলো। আর প্রতি ডোজের দাম হতে পারে ১১০০ থেকে ১২০০ টাকা।
কোভিড উনিশের ১০০ কোটির বেশি ডোজ টিকা উৎপাদন এবং বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহের জন্য অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকা, গেটস ফাউন্ডেশন ও গ্যাভির সঙ্গে আংশীদারিত্ব চুক্তি রয়েছে সেরাম ইনস্টিটিউটের। এরই মধ্যে সেরামের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। চুক্তি অনুসারে বেক্সিমকোই হবে বাংলাদেশে সেরাম ইনস্টিটিউট উৎপাদিত ভ্যাকসিনের ‘এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর’।
এরই মধ্যে সেরাম থেকে তিন কোটি ডোজ নেওয়ার চুক্তি করেছে বেক্সিমকো ও বাংলাদেশ সরকার। তবে এবার ওষুধ কোম্পানিসহ বেসরকারি খাতের কর্মীদের মধ্যে বিতরণের জন্য আরও ১০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা আনার কথা ভাবছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। বিজনেস সেকটরে যারা ফ্রন্ট লাইনার, বিশেষ করে ফার্মাসিউটিক্যালস, ব্যাংক, অন্যান্য করপোরেট হাউজে যারা কাজ করছেন তাদের দেওয়া হবে।
বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা জানান, ভারতে এই টিকার তৃতীয় ধাপের ট্রায়াল হচ্ছে, যা জানুয়ারি নাগাদ অনুমোদন পেতে পারে। তারপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে বেক্সিমকো ওষুধ প্রশাসন অধিদফতরের কাছে টিকা আমদানির আবেদন করবে। প্রতি ডোজ টিকার জন্য ভারতের সেরাম ইনস্টিটিউটকে বেক্সিমকো ফার্মা দেবে ৮ ডলার। এর সঙ্গে আমদানি ব্যয় ও অন্যান্য খরচ মিলে প্রতি ডোজ টিকার দাম ১১০০ টাকা থেকে ১২০০ টাকা হতে পারে।তবে সরকারি নির্দেশনা মেনেই ভ্যাকসিন প্রয়োগের প্রক্রিয়া ঠিক করা হবে বলে জানান তিনি।


Reporter Name 





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































