নিজস্ব প্রতিবেদক. দোহারের নয়াবাড়ি থেকে নবাবগঞ্জ হয়ে মানিকগঞ্জের হরিরামপুরের কাঞ্চনপুর ইউনিয়ন পর্যন্ত পদ্মা নদীর বাঁধ নির্মাণের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব করিম বিন আনোয়ার। রোববার বিকেলে পরিদর্শনকালে তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রীও বিতরণ করেন।
পরিদর্শন শেষে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব করিম বিন আনোয়ার দোহারের নয়াবাড়িতে বলেন, দোহার-নবাবগঞ্জে বেশ কয়েকটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইছামতি নদী খনন করবো, রেগুলেটর নির্মাণ করতে হলে নির্মাণ করবো। ইছামতির সংযুক্ত যে সব খালগুলো দিয়ে পানি নিস্কাশন হয় সেগুলো খনন করবো। আপনাদের এমপি সালমান এফ রহমান এব্যাপারে নিয়মিত খোঁজ রাখছেন। একটু অপেক্ষা করুন, কাজ হবে।
সচিব আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন ঘুরে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী নদী ভাঙন কবলিতদের পুন:র্বাসন সহ তাদের জীবন ব্যবস্থায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।
এসময় দোহার ও নবাবগঞ্জবাসীর পক্ষ থেকে ইছামতি নদীর পুন:খনন এবং দোহারের কার্তিকপুর এলাকার ইছামতি-পদ্মার সংযুক্ত পয়েন্টে একটি বক্স কালভার্ট নির্মাণ করে পানি চলাচলের সু-ব্যবস্থা করার দাবি জানানো হয়।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার প্রমুখ।


Reporter Name 















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































