ডেস্ক রিপোর্ট : এক সপ্তাহ আগে চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের শিচেং এলাকায় একটি সোনার খনির ভূগর্ভে আটকে পড়া শ্রমিকরা অবশেষে একটি ‘চিরকুট’ পাঠাতে সক্ষম হয়েছেন। চিরকুটের তথ্যানুযায়ী এখনো ১২ জন শ্রমিক জীবিত বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপির।
গত ১০ জানুয়ারি বিকেলে পূর্ব শানডং প্রদেশের কিক্সিয়া শহরের কাছে ওই খনিতে বিস্ফোরণটি ঘটে। এতে করে খনির প্রবেশপথ থেকে ৬০০ মিটারেরও বেশি গভীরে খনির অভ্যন্তরে ২২ জন আটকে পড়ে।
দীর্ঘসময় ধরে ভেতরে থাকা শ্রমিকদের সঙ্গে কোনো যোগাযোগ না হওয়ায় উদ্ধারকর্মীরা রোববার (১৭ জানুয়ারি) বিকেলে খনিটি ড্রিল করেন। তারা জানান, তারা ‘নক করার শব্দ’ শুনতে পান।
স্থানীয় সরকার সোমবার (১৮ জানুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে, আটকে পড়া শ্রমিকদের কাছ থেকে প্রেরণ করা একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটটিতে ১২ জন এখনও বেঁচে আছে বলে জানানো হয়। এতে বলা হয়েছে, ‘আমাদের শীতের ওষুধ, ব্যথানাশক, চিকিৎসা টেপ, বাহ্যিক অ্যান্টি-ইনফ্লেমেটরি ওষুধের জরুরি প্রয়োজন এবং তিনজনের উচ্চ রক্তচাপ রয়েছে।’
চিরকুট পড়ে আরও জানা গেছে, চারজন আহত হয়েছেন।চিরকুটে বলা হয়, ‘আমরা এখনও আশাবাদী, আমরা মনে করি যে উদ্ধারকারীরা থেমে থাকবেন না, ধন্যবাদ।’
রাষ্ট্রীয় সম্প্রচার সিসিটিভি থেকে প্রাপ্ত ফুটেজে উদ্ধারকারীদের আটকে পড়া খনি শ্রমিকদের জন্য খাবারের পার্সেল ধাতব তারে যুক্ত করে প্রেরণ করতে দেখা যায়। আবার পরে তারটি টেনে আনার সময় চিরকুটটি যুক্ত থাকতে দেখা যায়।
শানডং উইসাইলং ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের মালিকানাধীন খনিটিতে বিস্ফোরণের ফলে যোগাযোগ পদ্ধতি ও খনি থেকে বেরিয়ে আসার ব্যবহার্য মইটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। দুর্ঘটনাকে কেন্দ্র করে ইতোমধ্যে দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।


Reporter Name 















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































