নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ বিরতির পর আবারও আলো ঝলমলে দুনিয়ায় নিয়মিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ।
চলতি বছর একটি বিজ্ঞাপনে অংশ নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বিরতি ভাঙেন তিনি। তবে কথা ছিল দেবরাজ দে’র পরিচালনায় ‘ফেরিওয়ালা’ নামের কলকাতার একটি সিনেমা দিয়ে ফিরবেন তিনি। কিন্তু করোনার জন্য সেটি আটকে যায়।
গত ফেব্রুয়ারিতে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন হাসান মাসুদ। কিন্তু করোনার কারণে ভিসা বন্ধ থাকায় কলকাতায় যেতে পারেনি এই অভিনেতা। তাই এখনো সিনেমাটির শুটিং করার সম্ভব হচ্ছে না।
হাসান মাসুদ বলেন, ফেব্রুয়ারিতে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছি। ভিসার জন্য পাসপোর্টও জমা দিয়েছিলাম। কিন্তু করোনার কারণে ভিসা বন্ধ হয়ে গেলে আমার পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হয়। এখন আবার ভিসার জন্য চেষ্টা করা হচ্ছে। অপেক্ষায় আছি, ভিসা পেলে কলকাতা গিয়ে সিনেমাটিতে অভিনয় করবো।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প ‘ক্যানভাসার’ অবলম্বনে ‘ফেরিওয়ালা’ সিনেমাটি নির্মিত হচ্ছে। এতে কৃষ্ণলাল নামের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন হাসান মাসুদ।
এদিকে দীর্ঘ চার বছরের বিরতি ভেঙে অভিনয় নিয়মিত হয়েছেন হাসান মাসুদ। বর্তমানে মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘হিট’ নিয়ে ব্যস্ত আছেন তিনি। এছাড়া ‘বউ বিভ্রাট’ নামে আরেকটি ধারাবাহিকে অভিনয় করছেন তিনি।


Reporter Name 















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































