ডেস্ক রিপোর্ট: মডেল মসজিদ নির্মাণের জন্য নিজের ১২০ শতাংশ জায়গা রেজিস্ট্রি করে ওয়াক্ফ করেছেন নোয়াখালী-৪ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।
রোববার (১৩ ডিসেম্বর) কবিরহাট উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের জন্য নিজের এ জায়গা ওয়াক্ফ করেন জনপ্রিয় এ সাংসদ।
এ বিষয়ে একরামুল করিম চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে উন্নত মসজিদ নির্মাণের
প্রতিশ্রুতি দিয়েছিলেন। অনুমোদিত প্রকল্পের নকশা অনুযায়ী মডেল মসজিদ নির্মাণের জন্য ৪০ শতাংশ জায়গার প্রয়োজন। আমি সেই প্রকল্পে স্বেচ্ছায় আল্লাহর ঘর মসজিদের জন্য নিজের ১২০ শতাংশ জায়গা ওয়াক্ফ করেছি। আমি আশা করছি এই মসজিদ নির্মাণের মধ্যে দিয়ে কবিরহাটের মুসলিম সমাজ ধর্মীয় কাজে নিজেদের আরো বেশি সম্পৃক্ত করতে পারবেন।
এদিকে এরই মধ্যে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র স্থাপন প্রকল্পে ৮ হাজার ৭২২ কেটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। জেলা পর্যায়ে ৪ তলা ও উপজেলার জন্য ৩ তলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র নির্মাণ করা হবে।


Reporter Name 




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































