দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় আব্দুল গফুর (৪০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধা ৭টায় এ দুর্ঘটনাটি ঘটে।তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিড়ি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত হাজি আব্দুল খালেক মিয়া।
নিহত আব্দুল গফুরের বড় ভাই হাজি আব্দুস ছাত্তার জানান, দুবাইয়ের বাসা থেকে চা খাওয়ার উদ্দেশ্যে রেস্তোরাঁর দিকে যাচ্ছিলেন আব্দুল গফুর। হঠাৎ একটি গাড়ি এসে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও এক ছেলে, স্ত্রী ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসনাত চৌধুরী সনজু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আব্দুল গফুর দীর্ঘদিন দুবাই শহরে ব্যবসা করে আসছিলেন। তিনি এলাকার গরিব ও অসহায় মানুষদের সবসময় সহযোগিতা করতেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যদের মাঝে শোকের মাতম চলছে।এদিকে নিহত আব্দুল গফুরের মৃতদেহ দেশে নিয়ে আসার জন্য পরিবারের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ ও চেষ্টা করছেন বলে জানান তার বেয়াই উপজেলা কৃষক লীগের সভাপতি মুজিবুর রহমান।


Reporter Name 




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































