ডায়াবেটিসে শিশুর ব্যায়াম
টাইপ-১ ডায়াবেটিস হলে শিশুদের অগ্ন্যাশয়ের বিটা কোষ নষ্ট হয়ে যায়। ইনসুলিন উৎপন্ন হয় না বা খুবই কম হয়। ইনসুলিনের অভাবে দেহ শর্করা ভাঙতে পারে না। তাই রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় অনেক। আবার ইনসুলিনের অভাবে দেহ শক্তি পাওয়ার জন্য চর্বি ভাঙতে শুরু করে। এর ফলে তৈরি হতে থাকে কিটো অ্যাসিড। বেশিক্ষণ এভাবে চলতে থাকলে কিটো অ্যাসিডোসিস নামের গুরুতর জটিলতা দেখা দেয়, যা শিশুদের মৃত্যুঝুঁকির দিকে ঠেলে দিতে পারে।
আবার টাইপ-১ ডায়াবেটিসের শিশুদের সহজেই হাইপোগ্লাইসেমিয়া বা রক্তে শর্করা কমে যাওয়ার প্রবণতাও বেশি। এই শিশুরা চিরকাল ইনসুলিনের ওপর নির্ভর করেই বেঁচে থাকে। তাই তাদের খাবারদাবার শরীরচর্চার দিকে বিশেষ নজর দেওয়া দরকার হয়।
টাইপ-১ ডায়াবেটিসের শিশুদের চিকিৎসার অনেক জটিল দিক রয়েছে। শারীরিক ও মানসিক বিকাশ যেন বাধাগ্রস্ত না হয়, সেদিকে লক্ষ রেখে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করা; রক্তে শর্করা যেন হঠাৎ বেড়ে বা বেশি কমে না যায়, সেদিকে লক্ষ রাখা; দিনে কয়েকবার ইনসুলিন নেওয়ার জীবনাচারকে মেনে নেওয়া এবং নিয়মিত শরীরচর্চার ক্ষেত্রে শর্করার ওঠানামার দিকে নজর রাখা। সুশৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে সব ধরনের খেলাধুলা বা শরীরচর্চা করতে বাধা নেই। তবে শর্করা যেন বেশি কমে না যায়, সেদিকে লক্ষ রাখতে হবে।
ইনডোর গেম
ঘরে বসে খেলাধুলায় যুক্ত হওয়া যায়। যেমন হসপস (মেঝেতে ছক এঁকে লাফানো), টেবিল টেনিস, দড়ির লাফ, নির্দিষ্ট দূরত্ব থেকে বল ঝুড়িতে ফেলা, বেলুন নিয়ে লাফানো, লুকোচুরি, জাম্পিং, ইনডোর সাইকেল। এমনকি ইয়োগা হতে পারে ভালো ব্যায়াম। বাচ্চাদের নাচের ক্লাস বা জুম্বা বেশ কার্যকর। সপ্তাহে প্রতিদিনই অন্তত ৬০ মিনিট শারীরিক কসরত করা প্রয়োজন।
আউটডোর গেম
প্রতিদিন নিয়ম করে ঘণ্টাখানেক সাইকেল চালানো, হাঁটা, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, হ্যান্ডবল, সাঁতার কাটা, এমনকি তাইকোয়ান্দ হতে পারে আনন্দদায়ক ব্যায়াম।
সতর্কতা
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রক্তের গ্লুকোজের মাত্রার সঙ্গে শরীরচর্চার ভারসাম্য রাখা। ব্যায়াম শুরুর আগে গ্লুকোজ মেপে দেখতে হবে। ১৫০-২০০ মিলি/ডিএলের কম থাকলে হালকা (১৫ গ্রাম) শর্করাজাতীয় খাবার খেতে হবে। ছোট শিশুদের প্রতি ৩০ মিনিট ধরে খেলাধুলার পর ৫-১৫ গ্রাম শর্করা খেতে দিন। তারা হাইপোগ্লাইসেমিয়ার উপসর্গ বলতে পারে না। বারবার এমন সমস্যার ইতিহাস থাকলে বেশি ব্যায়াম করা যাবে না। উম্মে শায়লা রুমকি: ফিজিওথেরাপি বিশেষজ্ঞ


Reporter Name 

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































