ঢাকার দোহার উপজেলায় গুড নেইবার্স দোহার সিডিপির আয়োজনে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার চরকুশাই এলাকায় দিনব্যাপী এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
ক্যাম্পেইনে অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে হাড় ও জয়েন্টের বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের বিশেষ স্বাস্থ্যসেবা দেওয়া হয়। পাশাপাশি রোগীদের মধ্যে স্বল্পমূল্যে ওষুধ বিতরণ করা হয়। এছাড়া ১৫০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে পুষ্টিকর খাবার ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শামস উল আলম।
এর আগে সিডিপির প্রকল্প ব্যবস্থাপক বিমল গোলদারের সভাপতিত্বে স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিডিসি সদস্য মো. বজলুর রহমান, সিডিপির সিনিয়র অ্যাডমিন অফিসার আব্রাহম বালা, মেডিকেল অফিসার ডা. দীপ দাস ও আমন্ত্রিত বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. শরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আশরাফুল আলম চোকদার।
আলোচনা সভা শেষে অতিথিরা অসহায় ও দুস্থ পরিবারের মাঝে পুষ্টিকর খাবার ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।


নিজস্ব প্রতিবেদক: 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































