ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ঘাড়মোড়া এলাকায় সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সেতুর নির্মাণ কাজ পাঁচ মাস না যেতেই ধসে পড়েছে দুই পাশের সংযোগ সড়ক। ফলে দীর্ঘদিন পর কাঙ্খিত সেতু পেলেও সুফল ভোগ করতে পারছে না ৮ থেকে ১০ গ্রামের কৃষক, শ্রমিকসহ সাধারণ জনগণ।
জানা যায়, স্থানীয়রা কাজে বাঁধা দিলেও কাউকে তোয়াক্কা না করে নিম্নমাণের কাজ করে চলে যায় ঠিকাদার। সেতুর দুইপাশের সংযোগ সড়ক ধসে যাওয়ায় সেতুতে উঠতে পারছে না কেউ। এতে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, ২০২৩-২৪ অর্থবছরে ১ কোটি ১৫ লাখ টাকা প্রকল্পের এ সেতুর নির্মাণকাজের দায়িত্ব পায় মিতু এন্টারপাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ঘাড়মোড়া এ খালে আদম আলীর বাড়ির সামনে কাজটি শুরু করেন একজন সাব ঠিকাদার। সে সময় এলাকাবাসী কাজটি মানসম্পন্ন করতে বারবার তাগিদ দিলেও নিজের ইচ্ছামতো কাজ করেন ওই ঠিকাদার।
স্থানীয় বাসিন্দা রবিন হোসেন বলেন, ‘এ সড়ক দিয়ে সুতারপাড়া, ডায়ারকুম, আলামিন বাজার, মিজানগরসহ ৮/১০ টি গ্রামের প্রায় ১০ হাজার লোক চলাচল করেন। দীর্ঘদিনের দাবির মুখে সেতু নির্মাণে ১ কোটি ১৫ লাখ টাকা প্রকল্প পেলেও ঠিকাদার নয়-ছয় করে কোটি টাকার প্রকল্প মাত্র ৫০ লাখ টাকার মধ্যে নিম্নমাণের কাজ করে চলে গেছে। সেতুর মাঝে নিচু থাকায় সব সময় পানি জমে থাকে। সংযোগ সড়কও নেই। ঠিকাদারের অনিয়মের খেসারত আমাদের দিতে হচ্ছে।’
মৌড়া এলাকার মো. আক্কাস আলী বলেন, সেতু নির্মাণের আগেই খালের দু’পাড়ের মাটি কেটে নেন ঠিকাদার। সেই স্থান আর ভরাট করেননি। বয়োঃবৃদ্ধ লোক, রিকসা ও ভ্যান বা যানবাহন ওঠার সুযোগ নেই। দুই পাড় ধসে যাওয়ায় চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। এ জন্য সংযোগ সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান তিনি।
ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক রনজিত সরকার বলেন, প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে ১৫ মিটার লম্বা এ সেতুর কাজ তিনি পান। তবে তিনি কাজ করেননি। মো. ফেরদৌস নামের এক ঠিকাদার কিনে নিয়ে কাজটি করেছেন।
সাব ঠিকাদার ফেরদৌস বলেন, একটু সমস্যা হয়েছে। নতুন ইট তৈরি শুরু হলে দ্রুত কাজ করে দিবেন বলে জানান তিনি। তবে কাজের মান নিয়ে প্রশ্ন নেই বলে দাবি তাঁর।
দোহার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কুতুব আালী বলেন, ঠিকাদারের কোনো গাফলতি পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































