ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নবাবগঞ্জ আইডিয়াল দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ আলীর বিরুদ্ধে ছাত্রী হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলনের পর পাল্টা সংবাদ সম্মেলন করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলার বাঘমারা এলাকায় মাদ্রাসা প্রাঙ্গনে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে প্রিন্সিপাল মোহাম্মদ আলীর পক্ষে মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা তাজুল ইসলাম লিখিত বক্তব্যে জানান, গত বৃহস্পতিবার আমাদের মাদ্রাসার সুনাম ক্ষুন্ন করার জন্য মাদ্রাসার এক শিক্ষার্থীর মা মোসাম্মৎ শিল্পী আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ আলীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে। অথচ ঘটনার যে তারিখ উল্লেখ করা হয়েছে, সেই ২৩ সেপ্টেম্বর দোহারের সুতারপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১ আসনের এমপি প্রার্থীর নির্বাচনী গণসংযোগে ব্যস্ত ছিলেন এ মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ আলী।
তিনি আরো বলেন, ঘটনার বিষয়ে থানায় কোনো অভিযোগ না করে সরকারি একটি হাসপাতালে কিভাবে সংবাদ সম্মেলন করেন? তা আমাদের কাছে বোধগম্য নয়। ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা ঘটনার ৭ দিন পর এবং সংবাদ সম্মেলনের পর বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করেছেন। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী ও সাংবাদিকবৃন্দের প্রতি অনুরোধ জানাই এই জঘন্য মিথ্যাচার ঘটনার সুষ্ঠু তদন্ত করে সত্য উম্মোচিত করা হোক।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (২ অক্টোবর) আইডিয়াল মাদ্রাসার এক শিক্ষার্থীর মা মোসাম্মৎ শিল্পী তার মেয়েকে যৌন হয়রানির অভিযোগ এনে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করেন একই মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ আলীর বিরুদ্ধে।


Reporter Name 















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































