অদ্য ২০ মে ২০২৪ রোজ সোমবার, বেলা ১১.৩০ টায় ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন দোহার উপজেলা পরিষদ সভা কক্ষে “আশ্বাস- ‘মানব পাচার থেকে উদ্ধার প্রাপ্ত নারী-পুরুষদের জন্য’” শীর্ষক প্রকল্প’র অবহিতকরন সভার আয়োজন করে। উক্ত প্রকল্পটি উইনরক ইন্টারন্যাশনাল, বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় ৭টি সহযোগি সংগঠনের মাধ্যমে বাংলাদেশের ১০টি জেলায় বাস্তবায়ন করছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, দোহার, মোঃ জাকির হোসেন। সভায় সভাপতিত্ব করেন ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালক জেসিয়া খাতুন। ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আশ্বাস প্রকল্পের প্রকল্প ব্যাবস্থাপক শাহ মারুফ এহসান সিদ্দিকী এর সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালক জেসিয়া খাতুন। শুভেচ্ছা বক্তব্যে পরবর্তী উদ্ধার প্রাপ্ত নারী-পুরুষদের উপর নির্মিত তথ্যচিত্র “প্রেরণার আলোকশিখা” প্রদর্শিত হয়। এরপর প্রকল্প পরিচিতির পরে মুক্ত আলোচনায় উপস্থিত সকলেই অংশগ্রহণ করেন এবং তাদের মতামত তুলে ধরেন। এরপর সার্বিক বিষয়ের উপরে প্রধান অতিথি তার বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার, দোহার, মোঃ জাকির হোসেন বলেন, মানব পাচারের শিকার হয়েছেন এমন লোকদের মানসিক ও আর্থিকভাবে স্বাবলম্বী করতে যারা উদ্যোগ নিয়েছেন তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। তবে তিনি বা তারা সত্যিইকার অর্থেই মানব পাচারের শিকার হয়েছেন wকনা তা সবার আগে নিশ্চিত হতে হবে। দোহার, নবাবগঞ্জ এই অঞ্চলের মানুষের মধ্যে মধ্যপ্রাচ্যে যাওয়ার প্রবণতা অনেক বেশি। তাই প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নির্বাচিত করতে না পারলে প্রকল্পের যে লক্ষ্য উদ্দেশ্য তা যথাযথভাবে বাস্তবায়িত হবে না। আমি আশা করবো, যারা এই প্রকল্পের সাথে আছেন তারা সঠিকভাবে উপকারভোগী নির্বাচন করতে কাজ করবেন। আর এক্ষেত্রে যেকোন ধরনের সহযোগিতা প্রয়োজন হলে আমরা তা প্রদানে সর্বদা প্রস্তুত আছি।
সভাপতির বক্তব্যে জেসিয়া খাতুন বলেন, নদীবেষ্টিত দোহার উপজেলায় উপযুক্ত কর্মসংস্থান না থাকায় এ অঞ্চলের বেশিরভাগ মানুষ বিদেশমুখী। তবে যারা যান তাদের বেশিরভাগ অল্প শিক্ষিত কিংবা সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা নাই। ফলে তারা সরকারিভাবে না গিয়ে বিভিন্ন দালালের মাধ্যমে বিদেশে যাওয়ায় চেষ্টা করেন। এক্ষেত্রে অনেকেই ভাগ্যক্রমে বেঁচে ফিরলেও সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে দেশে ফিরেন। এতে একদিকে যেমন দেশের ভাবমুর্তি বিনষ্ট হয় অন্যদিকে প্রতারিত হয়ে নিজের সবটুকু হারিয়ে পথে বসে যাচ্ছেন বিদেশগামী এসব ব্যক্তিরা। তারা যেন কোন ধরনের প্রতারণা বা পাচারের শিকার না হন এবং তারা যেন এদেশে মর্যাদার সাথে বসবাস করতে পারেন সেই লক্ষ্যেই আমাদের এই প্রকল্পটি গ্রহণ করা হয়। আমরা আশাকরি, সকলের সহযোগিতায় দোহার উপজেলায় মানব পাচারের শিকারগ্রস্তদের আর্থসামাজিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করতে পারবো।
অবহিতকরণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবরিনা লাকী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তানজিল আহমেদ চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুন নাহার খান সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ।
উল্লেখ্য যে, মানব পাচার হতে উদ্ধার প্রাপ্ত নারী এবং পুরুষদের মর্যাদা ও কল্যাণ পুনরুদ্ধার করা এবং স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে ২০২৩ সালে্র ডিসেম্বরে ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মাধ্যমে (৬৫% নারী) নিয়ে এই প্রকল্পের যাত্রা শুরু হয়। এই প্রকল্প গ্রহণের মূল উদ্দেশ্য, মনোসামাজিক কাউন্সেলিং সেবা এবং অন্যান্য পুনঃএকত্রীকরণ সেবা প্রদানের মাধ্যমে মানব পাচার হতে উদ্ধ্বারপ্রাপ্ত নারী ও পুরুষদের শারীরিক, সামাজিক ও অর্থনৈতিক কল্যাণ নিশ্চিত করা এবং মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের সেবা প্রদানে নিয়োজিত প্রতিষ্ঠানসমূহের দায়বদ্ধতা নিশ্চিত করা এবং কার্যকরী করে তোলা।


দোহার (ঢাকা) প্রতিনিধি: 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































