সাইফুল ইসলাম, দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কৃতি সন্তান ব্যারিস্টার জাকির হোসেন খান লন্ডনের লিংকনস ইন থেকে বার-এট-ল ডিগ্রি অর্জন করায় মাহমুদপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে সংবর্ধনা শুভেচ্ছা জানানো হয়। শুক্রবার দুপুরে ব্যারিস্টার জাকির হোসেনের নিজ বাড়িতে এই শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বার-এট-ল ডিগ্রি অর্জনের পর শুক্রবার প্রথমবারের মতো দেশে আসেন তিনি। দেশে এসেই প্রথমে একই ইউনিয়নে তার মামা জয়নাল খানের বাড়িতে এসে তার কবর জিয়ারত করেন। তারপর নিজ বাড়িতে আসেন।
তিনি ঢাকা জেলার দোহার থানাধীন মাহমুদপুর ইউনিয়ন-এর হাজী আবুল কাশেম খান এবং হাজেরা খানম দম্পতির তৃতীয় সন্তান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, ব্যারিস্টার জাকির খান আমাদের গর্ব। সে শুধু আমাদের ইউনিয়নের নয় আমাদের দোহার নবাবগঞ্জের নাম উজ্জল করেছে।
এসময় উপস্থিত সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে জাকির খান বলেন, আমার এই অর্জনের পিছনে আমার বাবা মার পরে সবচেয়ে যার বেশি অবদান তিনি আমার মামা জয়নাল খান। তিনি আমাদের মাঝে নেই। মহান আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক। মামা আমাকে সবসময় প্রেরণা দিয়ে গিয়েছেন। আমাকে নিয়ে সবসময় স্বপ্ন দেখতেন তিনি। আজকে তার আত্মা একটু হলেও প্রশান্তি পাবে, আমি তার স্বপ্ন পূরন করতে পেরেছি এবং তার শিক্ষক সামাদ মাস্টারকেও শ্রদ্ধা জানান তিনি।
তিনি আরো বলেন, জাতি, বর্ণ, লিঙ্গ, ধর্ম বা রাজনৈতিক মত নির্বিশেষে ন্যায়বিচার নিশ্চিত করতে দোহার নবাবগঞ্জের মানুষের জন্য কাজ করতে চাই। তাছাড়া দোহার নবাবগঞ্জে শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিজেকে উৎসর্গ করতে চাই যাতে তরুণ প্রজন্ম অন্তত স্নাতক ডিগ্রি লাভ করে উৎপাদনমুখী শিক্ষার আলোয় আলোকিত হতে পারে।
এসময় মাহমুদপুরবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে আবেগাপ্লুত হয়ে পরেন তিনি। জাকির হোসেন খান ২০০০ সালে কার্তিকপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০২ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি ডিগ্রি সম্পন্ন করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ২০০২ -২০০৩ সেশন এবং ২৬ তম ব্যাচের ছাত্র ছিলেন।
তিনি বিশ্ববিদ্যালয় হতে ২০০৭ শিক্ষাবর্ষে এলএলএম সম্পূর্ণ করে ২০০৯ সালে আইনের উপর উচ্চতর ডিগ্রি অর্জনের লক্ষে ইংল্যান্ডে পাড়ি জমান। পরে ২০১৫ সালে নর্থউমব্রিয়া ইউনিভার্সিটি হতে পুণরায় এলএলবি সম্পূর্ণ করেন এবং ২০২১ সালের নভেম্বর মাসে সফলতার সাথে লন্ডনের বিপিপি ইউনিভার্সিটি হতে বার -এট- ল কোর্স সম্পূর্ণ করেন। পরবর্তীতে গত ২৬ শে জুলাই ২০২২, লিংকনস ইন, কল টু বার অনুষ্ঠানের মাধ্যমে মাস্টার অফ দি বেঞ্চের পক্ষে ট্রেজারার জনাথন ক্রোও (কুইন কাউন্সেল) তাকে ব্যারিস্টার এট-ল ডিগ্রি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, মাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আইয়ূব আলী, সামাদ মাস্টার, আয়নাল খান, লতিফ খান, মোশাররফ পত্তনদার, ইঞ্জিনিয়ার মুক্তার খান, রেজাউল খানসহ আরও অনেকে।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































